Main Menu

এবার স্বাগতিককে হারালো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক: পাপুয়া নিউগিনির পর স্বাগতিক নেদারল্যান্ডসকেও পাত্তা দিলো না বাংলাদেশের মেয়েরা। রোববার (৮ জুলাই) টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছে সালমা বাহিনী। এই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলেন বাংলাদেশের মেয়েরা।

এই জয়ে ‘এ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে বাংলাদেশ। আগামী ১০ জুলাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

ফাহিমা খাতুন ও রুমানা আহমেদের দুর্দান্ত বোলিংয়ে নেদারল্যান্ডসকে মাত্র ৪২ রানে অলআউট করে দিয়েছিল বাংলাদেশ। তবে ১৮ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে গেছে স্বাগতিকরা। জবাবে মাত্র ৭.৫ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান তুলে নেয় বাংলাদেশ।

আলট্রেখটে টস জিতে ডাচদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে রানের খাতা না খুলে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। স্টিয়ার ক্যালিস ও ডেনিস হানেমা ২৩ রানের জুটিতে ওই ধাক্কা সামলানোর ইঙ্গিত দেন। কিন্তু রুমানা ও ফাহিমার বোলিংয়ে টিকতে পারেননি তাদের পরের ব্যাটাররা। ক্যালিস ১৫ ‍ও হানেমা ১৪ রান করেন।

১৯ রান তুলতেই নেদারল্যান্ডস তাদের শেষ ৯ উইকেট হারায়। তাদের ৬ ব্যাটসম্যান রানের খাতা খুলতে ব্যর্থ হন। রুমানা ৩ ওভারে ২ রান দিয়ে নেন ৩ উইকেট। সমান ওভার বল করে ৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ফাহিমা। পান্না ঘোষ পান ২ উইকেট। নাহিদা আক্তার ও সালমা ১টি করে উইকেট শিকার করেন।

৪৩ রানের সহজ লক্ষ্যে নেমে শামীমা সুলতানা ও আয়েশা রহমান ২২ রানের জুটি গড়েন। ১০ রানের ব্যবধানে বাংলাদেশ ৩ উইকেট হারালেও ফারজানা হককে নিয়ে রুমানার অপরাজিত ১২ রানের জুটি বাংলাদেশকে পৌঁছে দেয় জয়ের বন্দরে। শামীমা সর্বোচ্চ ১৪ রান করেন। ফারজানা করেন ১১ রান। ৪ রান করে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন রুমানা।

এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে নারীদের বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

Share





Related News

Comments are Closed