Main Menu

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: ‘আরেকটি বিয়ে করাকে কেন্দ্র করে ঝগড়ায় উত্তেজিত হয়ে স্বামী জামাল মল্লিকের (৪২) অণ্ডকোষ চেপে ধরি, এরপরেই মারা যান তিনি। জানাজানির ভয়ে পরে লাশ টয়লেটের ভেতর লুকিয়ে রাখি।’

পুলিশের কাছে স্বীকারোক্তিতে এ তথ্য দিয়েছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার সমেজঘর তেওতা এলাকার জামালের স্ত্রী আয়েশা বেগম।

এর আগে বুধবার (২৭ জুন( দুপুরে দুর্গন্ধের সূত্র ধরে পুলিশ নিখোঁজের এক মাস পর বাড়ির টয়লেটের ভেতর থেকে জামালের গলিত লাশ উদ্ধার করে। তাকে হত্যা করে টয়লেটে লুকিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে সন্দেহ করে পুলিশ জামালের স্ত্রীকে আটক করে।

ওই এলাকার মৃত কালু মল্লিকের ছেলে জামাল দুই ছেলে দুই মেয়ের জনক। পেশায় ট্রাক চালক ছিলেন তিনি।

শিবালয় থানার ওসি হাবিবুল্লাহ সরকার সাংবাদিকদের জানান, প্রায় এক মাস ধরে জামালকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এলাকায় প্রচার করেন তার স্ত্রী। এরই মধ্যে কয়েক দিন ধরে ওই বাড়ির ভেতর থেকে আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তা সহ্য করতে না পেরে বুধবার সকালে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে দুর্গন্ধের সূত্র ধরে টয়লেটের ভেতর থেকে জামালের গলিত লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হয় তাকে হত্যা করে লাশ ওই টয়লেটে লুকিয়ে রাখা হয়েছিল। এ কারণে তার স্ত্রীকে আটক করে থানায় এসে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তিনি স্বীকারোক্তি দেন যে, জামাল ৮/৯ মাস আগে ঢাকায় আরেকটি বিয়ে করেন। গত শবে বরাতের দিন তিনি বাড়ি আসেন। বিয়ের ওই খবর পেয়ে জামালের সঙ্গে তার ঝগড়া হয়। এক পযায়ে উত্তেজিত হয়ে জামালের অণ্ডকোষ চেপে ধরেন স্ত্রী। এতেই জামাল মারা যান। পরে লাশ লুকিয়ে রাখা হয় টয়লেটে।

ওসি আরও জানান, জামালকে হত্যা করায় আয়েশার বিরুদ্ধে মামলা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। আর ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed