Main Menu

একাদশে ভর্তির শেষ পর্যায়ের ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: একাদশে ভর্তির তৃতীয় ও শেষ পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে আজ মঙ্গলবার। এতে এক লাখ ৫১২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। তবে শেষ ধাপ পর্যন্ত জিএপি-৫ পাওয়া ৯১৩ জন ভর্তির সুযোগ পাননি এবং ২৮ হাজার ৬৭৭ জন আবেদন করেও কোনও কলেজে মনোনীত হননি।

শেষ ধাপেও কোনও কলেজে মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় ভর্তির সুযোগ দেওয়া হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সারাদেশে মোট আবেদনকারী ছিলেন ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন। প্রথম পর্যায়ে ১২ লাখ ৩৮ হাজার ২৫২ এবং দ্বিতীয় ধাপে নতুন করে ভর্তির জন্য মনোনীত হয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৬৪৭ জন। আর তৃতীয় পর্যায়ে মনোনীত হয়েছেন এক লাখ ৫১২ জন।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশিদ বলেন, ‘একাদশ শ্রেণির ভর্তির তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশের পর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে।’

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপে যারা কলেজ ভর্তির জন্য মনোনীত হননি তারা নতুন করে তৃতীয় ধাপে আবেদন করেন। তাদের অনেকে এ ধাপে পছন্দের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এছাড়াও দ্বিতীয় ধাপের নিশ্চায়নকারীদের মধ্যে পছন্দের কলেজে অটোমেটিক মাইগ্রেশন হয়েছে এক হাজার ১৫৪ জন শিক্ষার্থীর।

তবে আবেদন করেও এখনও কোনও কলেজে ভর্তির জন্য মনোনীত হননি ২৮ হাজার ৬৭৭ জন শিক্ষার্থী। শেষ ধাপেও ভর্তির সুযোগ না পেয়ে অনেকে ঢাকা শিক্ষা বোর্ডে ভিড় করছেন।

কলেজে ভর্তির প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয় ১০ জুন। প্রথম ধাপে ৯ লাখ ৩৮ হাজার ২৫২ জন ভর্তির জন্য নির্বাচিত হন। আবেদনকারীদের ৯৪ শতাংশকে কলেজে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়। প্রথম ধাপে প্রায় ৮১ হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হন।

এ বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন শিক্ষার্থী পাস করেন।

Share





Related News

Comments are Closed