Main Menu

বিএনপি নেতা মেজর (অব.) মিজানুর রহমান গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ সংক্রান্ত দুটি অডিও ক্লিপ জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে গুলশান-১ নম্বরের ৮ নম্বর সড়কে ১০ নম্বরের নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর আগে রাত ১টা থেকে তার বাসা সাদা পোশাকে ও ইউনিফর্ম পোশাকে থাকা পুলিশ ঘিরে রাখে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। ডিবি পুলিশের একটি অভিযান ছিল। তারা গ্রেপ্তার করতে পারে।’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, ‘বিএনপির এই গ্রেপ্তার নেতার উদ্দেশ্য ছিল নির্বাচনে জালভোট হয়েছে, মারধরের ঘটনা ঘটেছে, এটা প্রমাণ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। এতে তাদের দুটো উদ্দেশ্য পূরণ হতো। এক. নির্বাচন সুষ্ঠু হলে তারা বলতেন, জালভোট হয়েছে। দুই. বিএনপি প্রার্থী জিতলে বলতেন, জালভোট না হলে তারা আরো বেশি ভোট পেতেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক মামলাও হয়েছে।’

গাজীপুরে নির্বাচন কেন্দ্রিক নাশকতার ষড়যন্ত্রে তাকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা হচ্ছে।’

রাতে যখন ডিবি পুলিশের সদস্যরা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মিজানকে আটক করতে তার বাসায় যান, তখন বিএনপি’র এই নেতাকে ফেসবুকে লাইভে দেখা গেছে।

একটি ইউটিউব চ্যানেলে মেজর (অব.) মিজানের কথপোকথনের একটি অডিও প্রকাশ করা হয়েছে। গোয়েন্দা সূত্রে ওই অডিও ক্লিপটি যে মেজর অব. মিজানের তা নিশ্চিত হওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ফোনের অন্য প্রান্ত যে ব্যক্তি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন, তার নাম সাইফুল ইসলাম।

Share





Related News

Comments are Closed