Main Menu

নরসিংদীতে ক্রিকেট খেলা নিয়ে স্কুলছাত্র নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মেহেদী হাসান সদর উপজেলার উত্তর বাগহাটা গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। মেহেদী স্থানীয় নূর আফতাব আদর্শ বিদ্যাপিঠের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসানসহ স্থানীয় কিশোররা গত রবিবার বাড়ির সামনের মাঠে ক্রিকেট খেলছিল। এসময় মাঠের পাশে দাঁড়িয়ে থাকা এক কিশোরের গায়ে ক্রিকেট বলের আঘাত লাগে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে ঘটনার মীমাংসাও করা হয়।

এ ঘটনার জের ধরে সোমবার সন্ধ্যায় ফের স্কুলছাত্র মেহেদীসহ অন্যান্যদের ওপর হামলা চালানো হয়। এতে ৮ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মেহেদী হাসানকে ঢামেক হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার সকাল ৮টায় তার মৃত্যু হয়।

এদিকে নিহত মেহেদীর মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মঙ্গলবার সন্ধ্যায় তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। তার পিতা-মাতা, আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীর কান্নায় বাতাস ভারী হয়ে উঠে।

নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় নিহতের পিতা সুলতান উদ্দিন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Share





Related News

Comments are Closed