কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার চিথলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাইম চিথলিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে এবং জোয়ার আলী একই গ্রামের আক্কাস আলীর ছেলে।
পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত দুই ব্যক্তি চিথলিয়া গ্রামের স্কুলছাত্র দেব দত্তকে অপহরণ এবং হত্যার সঙ্গে জড়িত।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ৯ জুন (শনিবার) সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে অপহৃত হয় দেবদত্ত। এরপর গতকাল ২৫ জুন দুপুরে একই গ্রামের মালিথাপাড়ার নাইমের বাড়ির শৌচাগার থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাইম মালিথা এবং জোয়ার আলীকে আটক করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নাইম এবং জোয়ারকে নিয়ে বাকি আসামিদের ধরতে চিথলিয়া গ্রামে অভিযানে যায় পুলিশ। এসময় চিথলিয়া ইটভাটার কাছে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় নাইম এবং জোয়ার গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লাল চাঁদ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ২টি রামদা উদ্ধার করেছে।
উল্লেখ্য, সোমবার (২৫ জুন) বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার মিরপুরে অপহরণের ১৭দিন পর দেব দত্ত (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দেব দত্ত উপজেলার চিথলিয়া গ্রামের পবিত্র দত্তের ছেলে ও চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed