Main Menu

ঝিনাইদহে বাসচাপায় নছিমনের ৩ যাত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি নামক স্থানে বাসচাপায় নছিমনের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সাতজন। মঙ্গলবার (২৬ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা কেষ্টপুর গ্রামের আব্দুল লতিফ (৫৫), একই গ্রামের শাহিদুল ইসলাম (৪৫) ও সদর উপজেলার পান্তাপাড়া গ্রামের রাহাজ উদ্দিন (৬০)।

আহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন-কেষ্টপুর গ্রামের আব্দুল মমিন (৫৫), কামরুল ইসলাম (৫০), আব্দুল খালেক (৪৬), সদর উপজেলা সাধুহাটি গ্রামের আব্দুস সালাম (৪৫) ও পান্তাপাড়া গ্রামে আনোয়ারের ছেলে ছালাম হোসেন (২৫)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সকালে হরিণাকুন্ডু থেকে কয়েকজন পান ব্যবসায়ী নছিমনে (এক ধরনের তিন চাকার যানবাহন) করে চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে সাধুহাটি নামক স্থানে চুয়ডাঙ্গা থেকে ঝিনাইদহগামী ইএন পরিবহনের একটি বাস নছিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাহাজ উদ্দিন নামে এক পান ব্যবসায়ী মারা যান। এসময় আহত হন আরও নয়জন। এ অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিদুল ইসলাম ও আব্দুল লতিফ মারা যান। আহতদের মধ্যে আব্দুল মমিন ও আব্দুল খালেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

Share





Related News

Comments are Closed