Main Menu

কুলাউড়ায় ৪র্থ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা!

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ‘ধর্ষণের’ শিকার হয়ে এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা ৪র্থ শ্রেণির এক ছাত্রী। বিষয়টি জানাজানি হওয়ার পর গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ধর্ষক।

ঘটনাটি ঘটেছে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের লৈয়ারহাই গ্রামে। এ নিয়ে পুরো উপজেলাজুড়ে শুরু হয়েছে তোলপাড়।

স্থানীয় লোকজন জানান, বাড়ির কাছের দুঃসম্পর্কের এক খালার ঘরে টেলিভিশন দেখতে যায় স্থানীয় একটি সরকারি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ওই ছাত্রী। নিয়মিত যাওয়া-আসার সুবাদে ওই ছাত্রীর ওপর চোখ পড়ে গৌরিশংকর এলাকার লৈয়ারহাই গ্রামের জয়নাল মিয়ার ছেলে সামছার ওরফে আজাদের (২৮)। এক পর্যায়ে জোর করে ওই ছাত্রীর সাথে অনৈতিক শারীরিক সম্পর্ক গড়ে তুলে আজাদ। এ বিষয়ে মুখ খুললে ওই ছাত্রীকে মেরে ফেলার হুমকিও দেয় সে।

ওই কিশোরী ভয়ে এই ঘটনা কাউকে বলেনি। কিন্তু মেয়েটির শারীরিক পরিবর্তনে তার মায়ের সন্দেহ হয়। ডাক্তারি পরীক্ষা করালে রিপোর্টে দেখা যায়, সে ৭ মাসের অন্তঃসত্ত্বা। এ ব্যাপারে পরিবারের লোকজন তাকে প্রশ্ন করলে সে নিশ্চুপ থাকে।

পরিবারের লোকজন জানান, তারা স্থানীয় ইউপি সদস্য আজিজ উদ্দিন লবিককে বিষয়টি অবহিত করেন। লবিক বিষয়টির কোন সুরাহা করতে না পেরে তাদেরকে আইনের আশ্রয় নিতে বলেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা জানান, সাত মাসের আগের ঘটনা। আমরা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে সোমবার (১১ জুন) বিষয়টি জেনেছি। তারপরও ভিকটিমের পরিবারকে থানায় আসতে বলেছি। দ্রুত অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করার চেষ্টা করছি।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী জানান, আমি ঘটনাটা শুনেছি। আমরা ভিকটিমের পরিবারকে আইনি সহায়তা করবো।

Share





Related News

Comments are Closed