Main Menu

এশিয়া কাপের শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইতিহাস গড়লেন বাংলাদেশের মেয়েরা। ফাইনালের শেষ বলে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো নারীদের এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছেন বাংলার বাঘিনীরা।

রোববার (১০ জুন) কিনরারা একাডেমি ওভাল মাঠে তীব্র উত্তেজনার ম্যাচে ভারতের দেয়া ১১৩ রানের লক্ষ্য পেরিয়ে যান বাংলাদেশের মেয়েরা।

রান তাড়া করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই অপেনার। স্কোরবোর্ডে ৩৫ রান তুলে বিচ্ছিন্ন হয় টাইগ্রেসদের অপেনিং জুটি। দলকে একই স্কোরে রেখে আউট হয়ে যান অপেনিংয়ে ব্যাট করতে নামা আয়েশা রহমান (১৭) ও শামিমা সুলতানা (১৬)। এর পর বেশিক্ষণ টেকেননি ওয়ানডাউনে নামা ফারজানা হক (১১)।

এ অবস্থায় দলকে জয়ের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন নিগার সুলতানা ও রুমানা আহমেদ। কিন্তু দারুণ ব্যাট করতে থাকা নিগার সুলতানা ফিরে যান ২৪ বলে ২৭ রান করে। বেশিক্ষণ টিকতে পারেননি ফাহিমা খাতুনও (৯)।

কিন্তু উইকেটে অনঢ় ছিলেন রুমানা। সানজিদা ইসলামকে সঙ্গে নিয়ে ধীরে-সুস্থে ব্যাট চালিয়ে বাংলাদেশকে নিয়ে যেতে থাকেন লক্ষ্যের দিকে। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন দাঁড়ায় ৯ রান। ১ম বলে সানজিদার সিঙেলের পর ওভারের ২য় বলে ৪ হাঁকান রুমানা। জয়ের জন্য দরকার হয় ৪ বলে ৪ রান। ৩য় বলে ১ রানের মাধ্যমে হয় প্রান্তবদল। এর পরের বলেই আউট হয়ে যান সানজিদা।

বাংলাদেশের প্রয়োজন তখন ২ বলে ৩ রান। ইনিংসের ৫ম বলে দুই রান নিতে গিয়ে আউট হয়ে যান রুমানা (২৩)। তবে দলীয় স্কোরে যোগ হয় ১ রান। লক্ষ্য দাঁড়ায় শেষ বলে ২। ক্রিজে নতুন আসা জাহানারা ওই শেষ বলে ২ রান নিয়ে আনন্দে ভাসান বাংলাদেশকে।

এর আগে, সপ্তমবারের মতো নারীদের এশিয়া কাপের শিরোপা ঘরে তোলার মিশনে নেমে বাংলাদেশের বোলারদের তোপে পড়ে ৩২ রানে ৪ উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। কিন্তু অভিজ্ঞ হারমনপ্রিত কাউরের ব্যাটে বিপর্যয় সামলে ১১৩ রানে লক্ষ্য দাঁড় করায় ভারতের মেয়েরা।

কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ব্যাটিংয়ে নেমে দলীয় ১২ রানে মহানন্দাকে রান আউটের ফাঁদে ফেলে উল্লাসের শুরু বাংলাদেশের। এরপর ২৬ রানে দীপ্তি শর্মা, ২৮ রানে মিতালি রাজ আর ৩২ রানে আনুজা পাতিল ফিরে গেলে বিপর্যয়ে পড়ে ভারত। সেখান থেকে অন্যপ্রান্তে উইকেট আগলে রেখে রানের চাকা সচল রাখেন হারমনপ্রীত।

শেষ পর্যন্ত ৪২ বলে ৫৬ রানের ঝকঝকে ইনিংস খেলে ইনিংসের শেষ বলে আউট হন হারমনপ্রীত। তার ৫৬ রানের ইনিংসে ছিল ৭টি দর্শনীয় চার।

বাংলাদেশের পক্ষে রোমানা ও খাদিজা ২টি এবং সালমা ও জাহানারা ১টি করে উইকেট লাভ করেন।

Share





Related News

Comments are Closed