Main Menu

ঋণের চিরকুট লিখে গার্মেন্টস মালিকের আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় রফতানিমুখি তৈরি পোশাক কারখানা ‘এনএম ফ্যাশন’র মালিক আব্দুল মতিন (৪৭) আত্মহত্যা করেছেন।

শনিবার (৯ জুন) ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকায় নিজ ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত লাশটি উদ্ধার করেছে পুলিশ।

আব্দুল মতিন কুষ্টিয়ার দৌলতপুর থানার প্রাকপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

তিনি পরিবার নিয়ে মাসদাইর পাকাপুলস্থ এবি প্লাজার সপ্তম তলায় নিজের কেনা ফ্ল্যাটে স্ত্রী নাদিরা আক্তার রেখা, ছেলে মাহাদী হাসান সাইম (৮) ও মেয়ে ফাতেমা আক্তার জোহরাকে (১৫) নিয়ে বসবাস করে আসছিলেন।

এ সময় ওই কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটের বরাতে পুলিশের ধারণা, ব্যাংকসহ বিভিন্ন লোকের কাছে আব্দুল মতিন প্রায় আড়াই কোটি টাকা ঋণী। এই টাকা পরিশোধের কোনো উপায় না পেয়ে হয়তো তিনি আত্মহত্যা করেছেন।

নিহতের স্ত্রী নাদিরা আক্তার রেখা জানান, আব্দুল মতিন মানুষের কাছে কত কোটি টাকা ঋণী, তা কখনো আমাদের জানায়নি।

নিহতের বড় ভাই নজরুল ইসলাম পরিবর্তন ডটকমকে জানান, ঋণসহ বিভিন্ন বিষয় নিয়ে আব্দুল মতিন সমস্যায় থাকলেও কাউকে কিছু বুঝতে দিতো না। গতবছর আমি তার দেড় কোটি টাকা ঋণ পরিশোধ করেছি।

তিনি বলেন, ‘আরও ঋণ থাকলে মতিন আমাকে জানাতে পারত, পরিশোধ করে দিতাম। কিন্তু, কিছু না জানিয়ে এভাবে আত্মহত্যা করল কেন, বুঝতে পারছি না।’

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের টাকার জন্য আব্দুল মতিন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed