Main Menu

হবিগঞ্জে সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি

বৈশাখী নিউজ ডেস্ক: লন্ডনভিত্তিক ‘চ্যানেল এস’ টিভির সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে থানায় নিয়ে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার ভারপ্রাপ্ত পুলিশ সুপার শামসুর রহমান ভূইয়া এ কমিটি গঠন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামকে প্রধান করে গঠিত এ কমিটিতে সদস্য রাখা হয়েছে সহকারী পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন ও ক্রাইম ইন্সপেক্টর মো. কামাল উদ্দিনকে।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার শামসুর রহমান।

এদিকে, সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে নির্যাতনের প্রতিবাদ ও দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে নাট্যমেলাসহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন শহরে মানববন্ধন করেছে।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে নির্যাতনকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

গত ৩১ মে বৃহস্পতিবার রাতে সাংবাদিক ও সাংস্কৃতিককর্মী সিরাজুল ইসলাম জীবনকে আটক করে অমানুষিক নির্যাতন করে পুলিশ। পরদিন শুক্রবার সকালে তাকে সদর হাসপাতালে নিয়ে গণপিটুনিতে আহত দেখিয়ে ভর্তি করা হয়। সেই সাথে তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Share





Related News

Comments are Closed