Main Menu

সিলেটে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মিয়া ফাজিলচিশত এলাকার একটি বাসা থেকে জেসমিন (১৬) নামে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জেসমিন ওই বাসায় তিন বছর ধরে গৃহকর্মীর কাজ করতো। এই মৃত্যুকে রহস্যজনক বলছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় মিয়া ফজিলচিশত এলাকার ১৬২/১ নং বাসার ২য় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জেসমিন সিলেটের গোয়াইঘাট উপজেলার সালুটিকর বৈটাখালী গ্রামের মৃত বিল্লাল উদ্দিনের মেয়ে।

জানা যায়, বাসার মালিক আলমগীর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার স্ত্রীকে আনতে বাসা তালাবদ্ধ করে শশুরবাড়ি যান। রাত ১০ টার দিকে বাসায় ফিরে জেসমিনের লাশ রুমে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ রাত সোয়া ১২টার দিকে তার লাশ উদ্ধার করে। জানা যায় গৃহকর্তা আলমগীরের স্ত্রী প্রায় ৫ মাস থেকে বাপের বাড়ীতে অবস্থান করছেন।

বাসার মালিক ওমর খৈয়াম জানান, বৃহস্পতিবার সকালে পারিবারিক কাজে তিনি দিরাই চলে যান। এ সময় তিনি জেসমিনকে বাসার ভিতরে রেখে বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে যান। রাত সাড়ে ১০টার দিকে বাসায় এসে তালা খুলে ঘরে প্রবেশ করে জেসমিনকে ডাকলে তার কোন সাড়াশব্দ না পেয়ে বিভিন্ন রুমে খুঁজতে থাকেন। এ সময় তিনি তার শোবার ঘরে জেসমিনকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে কোতোয়ালি থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, ওই রুমেই একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে জেসমিন তার মা’র কাছে ক্ষমা চেয়ে লিখেছে, আমাকে ক্ষমা করে দিও আমি ভুল করেছি এবং তার লাশ যেন তার বাবার কবরের পাশে দাফন করা হয়।

এ ব্যাপারে লাশ উদ্ধারে যাওয়া পুলিশের এসআই আকবর হোসেন ভূঁইয়া বলেন, লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহালে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না। লাশের ময়নাতদন্ত ও সার্বিক বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed