Main Menu

সিলেটে বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় সালমান আহমদ সুমন (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে বেলা ২টার দিকে তিনি বাস টার্মিনাল এলাকায় দুর্ঘটনার শিকার হন।

নিহত ব্যবসায়ী সালমান আহমদ সুমন নগরীর রায়নগর এলাকার বাসিন্দা। তিনি জকিগঞ্জের শাহবাগ নুরনগরের আব্দুল মতিনের ছেলে। সুমন নগরীর সোবহানীঘাট এলাকার ছালিম ম্যানশনের ব্যবসায়ী এবং স্যান্ডার্ড মবিলের পরিবেশক বলে জানা গেছে।

জানা যায়, ব্যবসায়িক কাজে বুধবার যোহরের নামাজের পর সুমন মোটর সাইকেলযোগে কদমতলী এলাকায় যান। বাসস্ট্যান্ডের পাশে মোটরসাইকেল পার্ক করে রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে সুমন মারা যান।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় একজন মারা গেছেন। দুর্ঘটনার সময় আমরা খবর পাইনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যাওয়ার পর আমাদের খবর দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed