Main Menu

বান্দরবানে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনজয়পাড়ায় পাহাড় ধসে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল থেকে পাহাড়ে ব্যক্তি মালিকানা একটি ড্রেনেজের কাজ করছিলেন পাঁচ শ্রমিক। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দুপুরে হঠাৎ পাহাড় ধসে পড়ে। এতে তারা সবাই মাটিচাপা পড়েন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নূর মোহাম্মদকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে বাকিরা ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় নিহতরা হলেন- মনজয়পাড়ার মোহাম্মদ সুলতানের ছেলে আবু আহমেদ (৩০), শাহ আলমের ছেলে মো. জসিম (২৫), মৃত আবদুস শুক্কুরের ছেলে নুরুল হাকিম (২৫) ও সোনা মেহের (৩৫)।

এ সময় মোহাম্মদ বেলালের ছেলে নুর মোহাম্মদকে (২৭) জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে লাশগুলো ২০ থেকে ৩০ ফুট মাটির নিচে চাপা পড়ে আছে বলে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

Share





Related News

Comments are Closed