Main Menu

সিলেটে রাতভর ইবাদত বন্দেগীতে পবিত্র শবে বরাত পালিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মঙ্গলবার দিবাগত রাতে পালিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত। সিলেটসহ সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা এবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেছেন। একই সাথে ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত এ রাতটি ইবাদত বন্দেগীর মাঝে কাটিয়েছেন।

মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও বিশেষ মোনাজাত ও দোয়াখায়েরে শামিল ছিলেন সারারাত। সৌভাগ্যের এ রজনীতে রাজধানী ঢাকাসহ সারা দেশে নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের মুসলমানরা কোরআন তিলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য এবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন। এ উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষরা বুধবার নফল রোজাও পালন করছেন।

সৌভাগ্যের এ রাত উপলক্ষে বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে রাতভর হয়েছে নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, ওয়াজ মাহফিল, অন্যান্য এবাদত-বন্দেগি ও মোনাজাত। রাতব্যাপী এবাদত, বন্দেগি, জিকির ছাড়াও পবিত্র এ রাতে মুসলমানরা মৃত বাবা-মা ও আত্মীয়স্বজনসহ প্রিয়জনদের কবর জিয়ারত করেন। তাই এ রাতে কবরস্থানগুলোতে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সিলেটে মসজিদের পাশাপাশি হজরত শাহ জালাল (রহঃ) ও শাহপরান (রহঃ) দরগাহ এবং হযরত মানিকপীর(র.)সহ বিভিন্ন মাজারে সারারাত চলেছে ইবাদত বন্দেগী। তারা সেখানে কবর জিয়ারতের পাশাপাশি বিশেষ মোনাজাত করেন।সিলেটের বাসিন্দাদের পাশাপাশি অনেকে দূর-দুরান্ত থেকে মাজারে এসেছিলেন এবাদত-বন্দেগি ও মোনাজাত করতে। একেবারে বুধবার ভোরে ফজরের নামাজ আদায়ের পর জিয়ারত করে তারা ঘরমুখো হয়েছেন।

এর আগে এ রাতের বিশেষ অনুষঙ্গ কবর জিয়ারতের পাশাপাশি মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে মসজিদে মসজিদে এশার নামাজের পর থেকেই দফায় দফায় ওয়াজ মাহফিল, জিকির ও মিলাদ মাহফিলের মাধ্যমে বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য আল্লাহর রহমত কামনায় মোনাজাত করা হয়।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষে ধর্মীয় নানা অনুষ্ঠান সম্প্রচার করেছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় দৈনিকগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। এছাড়া পবিত্র শবে বরাত উপলক্ষে আজ বুধবার শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed