Main Menu

বিশ্বনাথে ইউনিয়ন অফিসে টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ১

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষ হতে টাকা চুরির ঘটনার মুল সন্দেহভাজন ফজর আলীকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সে বিশ্বনাথ উপজেলার আলমনগর এলাকার সন্দিগ্ধ গ্রামের কটু মিয়ার পুত্র।
মঙ্গলবার (১ মে) বিশ্বনাথ উপজেলার আলমনগর এলাকার সন্দিগ্ধ গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. আনিছুর রহমান খান।
সিলেট জেলা গোয়েন্দা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এর নির্দেশনায় সিলেট জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ জোনের) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এর তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ শহীদুল আলম এর নেতৃত্বে (মামলা নং-০৩ তারিখ-০৫/৯/২০১৭ইং) এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজর আলী ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর অফিস কক্ষ হতে টেবিলের ড্রয়ার ভেঙ্গে ৪২,৫০০/- টাকা চুরি করেছে বলে স্বীকার করে।
উল্লেখ্য গত বছরের ৩০ আগস্ট রাতে বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষ হতে টেবিলের ড্রয়ার ভেঙ্গে কৃষি ভর্তুকি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের বিতরণের ৪২,৫০০/- টাকা চুরি হয়।

Share





Related News

Comments are Closed