Main Menu

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ধামরাই উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের একজনের নাম জানা গেছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার কেলিয়া মোড় এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

র‌্যাব ২-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুজ্জামান ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এসআই রাজ্জাক ও সোহেল নামে দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

লে. কর্নেল আনোয়ারুজ্জামান বলেন, ‘শৈলেন এলাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কয়েক কোটি টাকা স্থানান্তর হবে- এমন খবর পেয়ে ওই তিনজন ডাকাতির প্রস্তুতি নেয়। এর পর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল কেলিয়া মোড়ে অবস্থান নিলে ডাকাতরা গুলি ছোড়ে। র‌্যাব পাল্টা গুলি চালালে ডাকাতদের ৩ জন ঘটনাস্থলেই নিহত হন।’

তিনি আরও জানান, নিহতদের একজন মানিকগঞ্জ জেলার ডাকাত রশিদ (৪২)। অপর দুজন এখনও অজ্ঞাত। এছাড়া ডাকাতির প্রস্তুতিকালে বাইরে মোটরসাইকেলে অপেক্ষমান ডাকাত দলের আরও দুই সদস্য পালিয়ে গেছে বলেও জানান তিনি।

নিহতদের লাশ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Share





Related News

Comments are Closed