Main Menu

রাজীবের পর এবার হাত হারালেন হৃদয়

বৈশাখী নিউজ ডেস্ক: রাজীবের পর এবার হাত হারালেন গোপালগঞ্জের ছেলে হৃদয়। গোপালগঞ্জে বাস ও ট্রাকের বিপজ্জনক ওভারটেকিংয়ের সময় হৃদয় নামের ওই যাত্রীর হাত বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে রাজধানীর কারওরান বাজারে রাজীব নামের এক কলেজছাত্র বাস দুর্ঘটনায় হাত হারিয়েছিল। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, আহত হৃদয় মিনার (৩০) সদর উপজেলার কাড়ারগাতী গ্রামের রবিউল মিনার ছেলে। তিনি টুঙ্গীপাড়া এক্সপ্রেসে করে বাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন।

ওই বাসের যাত্রী ঢাকার ইডেন কলেজের সম্মান শেষ বর্ষের ছাত্রী রাহিমা মনি দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, বাসের একেবারে পেছনে ডান পাশের ছিটে বসে ছিলেন হৃদয়। বাসটি বেদগ্রাম পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক পাশ কাটিয়ে যাওয়ার সময় বাস ও ট্রাকের পেছনের অংশের মধ্যে ঘর্ষণের ফলে হৃদয়ের বাহু থেকে ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। তাকে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আহত হৃদয় টুঙ্গীপাড়া এক্সপ্রেসের অন্য একটি বাসের চালকের সহকারী হিসেবে কাজ করেন বলে তার বাবা রবিউল জানিয়েছেন। পুলিশ ট্রাক বা চালককে আটক করতে পারেনি। তবে ধরার জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম।

Share





Related News

Comments are Closed