অহিংস আন্দোলনের নজির স্থাপন করল ইবি শিক্ষার্থীরা
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: একতাবদ্ধভাবে শিক্ষার্থীরা বসে আছে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে। কেউ হাতে প্লাকার্ড নিয়ে আর কেউ ব্যানার নিয়ে। কেউবা বুকে লাল অক্ষরে লিখেছে ‘আমি মেধাবী আমাকে গুলি কর’। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে পাঁচ মিটিনের আলটিমেটাম দেওয়া হল। এদিকে ইবি শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্তে অটল। কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী মহাসড়ক অবরোধ করা হয়েছে। আজ কোন ভাবেই দাবি আদায় না করে রাস্তা ছাড়ব না। বুলেটের আঘাতে যেকোন সময় চিরে যেতে পারে বুক। রক্তের ফিনকিতে রঞ্জিত হতে পারে রাজপথ কিংবা শক্ত লাঠির আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে যেতে পারে শরীর। টিয়ারশেল কেড়ে নিতে পারে চোখের দৃষ্টি অথবা বুলেটের আঘাতে ঝাঝরা হতে পারে সারা শরীর। আন্দোলনকারীদের থেকে কয়েক হাত দূরে রণসাজে পুলিশ। শুধু একটা কমান্ডের অপেক্ষা। অন্যদিকে শিক্ষার্থীরা বারবার বলছে আমরা সরকার এবং প্রশাসন উভয়ের সহযোগিতা চাই। কারণ আমাদের দাবি যৌক্তিক। পুলিশ কিছুতেই তাদেরকে মহাসড়কে অবস্থান করতে দেবে না। কিন্তু ঐ যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মেধাবী। তারা মূহুর্তের মধ্যে পুলিশদের বন্ধু বানিয়ে ফেলল তাদের মেধার প্রয়োগ করে।
বুধবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অহিংস আন্দোলনের এ চিত্রটি চোখে পড়ে। সেখানে দেখা যায়, লাল ফুটন্ত গোলাপ দিয়ে কর্তব্যরত পুলিশ সুপার মেহেদি হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন ও দিশাকে বরণ করে নেয় ইবি শিক্ষার্থীরা। শুধু এটিই নয় তাদের দেখা যায়, রৌদ্রের উত্তাপে দাড়িয়ে ডিউটিরত পুলিশ বাহিনীর সদস্যদের পানি পান করাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বুধবার সকালে কোটা সংস্কার আন্দোলনে নেমে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী। সারাদেশে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে যখন পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে তখন ইবি শিক্ষার্থীরা সহিংসতায় না গিয়ে হৃদত্যার সম্পর্ক তৈরীর চেষ্টা করে। এ দৃশ্য দেখে হতবাক হয়েছেন অনেকেই।
ইবি থানার ওসি রতন শেখ বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের ওপর কোন হামলা করেনি আমরাও কোন আক্রমনে যাইনি। আর তাদের এই আন্তরিকতা দেখে ভাল লেগেছে।’
উল্লেখ্য, সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ ও ৫৬% কোটা কমিয়ে ১০% এ আনার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এসময় ‘চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’, ‘আমার বোনের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই জেলে কেন জবাব চাই জবাব চাই’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘শিক্ষা দিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’, ‘কোটাপ্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক’, কোটা প্রথা সংস্কার এই মূহুর্তে দরকার ইত্যাদি শ্লোগানে মুখরিত হয়ে উঠে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed