Main Menu

ছাত্রলীগের প্রতি সতর্ক আহবান জাফর ইকবালের

শাবি প্রতিনিধি: বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল বিসিএসসহ সব ধরনের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের আন্দোলনেরর ঘটনায় ছাত্রলীগ যেন কোন ভুল না করে এ বিষয়ে তাদেরকে সতর্ক করেছেন।
বুধবার সকাল ১১টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে সাংবাদিকদের সাথে সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে কিছু প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জাফর ইকবাল বলেন, যখন সরকার কোন কিছুর সম্মুখীন হয়, তখন সরকারের পুলিশ বাহিনীর সাথে ছাত্রলীগও এসে পড়ে। ছাত্রলীগ যারা করে তারাওতো ছাত্র, তারা পড়াশোনা করবে। তারা যেন কোন ভুল না করে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে যেন কোন সংঘাত সৃষ্টি না হয়।
তিনি আরো বলেন, তরুণ প্রজন্মের উপর আমার আস্থা রয়েছে। ৫২র ভাষা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ আন্দোলনে তরুণরা নেতৃত্ব দিয়েছে। আমি আশা করব তারা যেন সঠিক সিদ্ধান্ত নেয়।
এ সময় তিনি বলেন, ৫৬ শতাংশ কোটা যে হিসেবে অনেক বেশি। একসময় হয়তো এটার প্রয়োজন ছিল, তবে তা এখন একটা সঙ্গত সংখ্যায় নামিয়ে আনা দরকার। কোটা সংস্কারের কথা বলে প্রচ্ছন্ন ভাবে অনেকে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কথা বলছে। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি যেন কোনভাবেই অশ্রদ্ধা না হয়, সেইদিকে খেয়াল রাখার আহবান জানান।

Share





Related News

Comments are Closed