Main Menu

বিশ্বনাথে চোরাই গরু ও গাড়ি আটক

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এবার চোরাই গরুবাহী একটি মাইক্রোবাস (ঢাকা-গ-১১-৮২২০) গাড়ি আটক করে পুলিশে দিলেন জনতা। শনিবার উপজেলার লামাকাজি ইউনিয়নের গোলচন্দর বাজারে চোরাই গরুবাহী গাড়ি আটক করলেও গরু চোররা পালিয়ে যায়। খবর পেয়ে থানার এসআই সবুজ কুমার নাইডুর নেতৃত্বে একদল পুলিশ চোরাই দুটি গরু ও গরু চুরির কাজে ব্যবহৃত গাড়িটি রাত ৮টায় থানায় নিয়ে আসেন। গরুগুলো শুক্রবার রাতে ছাতক উপজেলার বাহীবুলি নোয়াগাঁও গ্রামের আবদুল মছব্বিরের বাড়ির গোয়াল ঘরের তালা ভেঙে চুরি করে নিয়ে আসে বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।
লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানান, শনিবার সকালে একটি মাইক্রোবাস গাড়ির ভিতরে দুটি গরু কয়েকজন চোর গোলচন্দর বাজার দিয়ে নিয়ে যাচ্ছে দেখেন বাজারের মসজিদের ইমাম। এসময় তিনি স্থানীয় লোকজনকে ডেকে গাড়িটি আটক করেন। তবে গরু ও চোরাই গরুবাহী গাড়ি আটক করলেও গরু চোররা পালিয়ে যায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ গরু ও গাড়ি থানায় নিয়ে যায় বলে তিনি জানান।
এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই সবুজ কুমার নাইডু বলেন, চোরাই গরু ও গাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। গরুগুলো ছাতক উপজেলা থেকে চোরদল নিয়ে আসে। তবে গরুর মালিক পাওয়া গেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত শুক্রবার উপজেলার বন্ধুয়া গ্রাম থেকে একটি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা চোরাই গরুসহ চার চোরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।

Share





Related News

Comments are Closed