Main Menu

গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার বহর ও মিত্রিমহল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শনিবার সকালে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন, মিত্রিমহল গ্রামের আবদুল জলিলের ছেলে মনাই মিয়া (৩৫) ও আজিজুল ইসলামের ছেলে রুমেল আহমদ (২৫) ।

এ ঘটনায় আহত আরো ১০/১২ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সালুটিকর বাজার জামে মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে শুক্রবার বিকালে বহর গ্রামের জামাল আহমদ এবং পার্শ্ববর্তী মিত্রিমহল গ্রামের আব্দুস সোবহান পক্ষের মধ্যে বিরোধ বাধে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার সকাল থেকে দুই গ্রামের মধ্যবর্তী স্থানে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত তাদের মধ্যে সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে মিত্রিমহল গ্রামের আলী আহমদ ও রুমেল আহমদসহ ১০/১২ জন লোক আহত হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক এ দুজনকে মৃত ঘোষণা করেন। একটি সূত্র জানায়, বহর গ্রামের জামাল আহমদের গুলিতে মারা যান এ দুজন।

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসারের দায়িত্বপ্রাপ্ত এএসপি মো: আনিস দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা গুলিতে মারা গেছেন বলে তারা শুনেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed