Main Menu

সিলেটে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ২০

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার বরইকান্দিতে দুপক্ষের সংঘর্ষে বাবুল মিয়া (৩৫) ও মাসুক আহমদ (৫০) নামের দুজনের মৃত্যু হয়েছে।  এরমধ্যে নিহত মাসুক আহমদ সিলেট সদর উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি বলে জানা গেছে।  মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে পরে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০জন। আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোটর সাইকেল চালানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

একটি সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৮ টায় বরইকান্দি ৩নং রোড ও ১০নং রোডের দুজন বাসিন্দার মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়। এতে ৪/৫ জন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি দোকানও ভাংচুর করা হয়। এর জের ধরে মঙ্গলবার সকাল ১১টায় দু’পক্ষ ফের সংঘর্ষে জড়ালে এ হতাহতের ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল সংঘর্ষ ও নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষের জের ধরে রাতেই এলাকায় সংঘর্ষ বাঁধে। পরে রাতের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ফের দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। এসময় ২জন নিহত হন। আহত হন আরো কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসামানী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল মান্নান বলেন, দুইজনই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

Share





Related News

Comments are Closed