Main Menu

জৈন্তাপুরে দু’পক্ষের সংঘর্ষ ও ছাত্র খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের জৈন্তাপুর উপজেলায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ ও একজন নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়। কমিটিতে রয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সন্দীপ কুমার সিংহ এবং জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌবিন করিম। কমিটিকে আগামী সাত কার্য দিবসে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্তি জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী জানান, মঙ্গলবার থেকেই তদন্তের কাজ শুরু করেছে তদন্ত কমিটি। সকালেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় উপজেলার দরবস্ত এলাকায় আটরশি পীরের অনুসারীরা একটি ওয়াজ মাহফিলের আয়োজন করে। মাহফিলে ইসলাম বিরোধী কোন বক্তব্য দেয়া হয় কিনা তা পর্যবেক্ষণের জন্য স্থানীয় অপর একদল মুসল্লী সেখানে হাজির হয়। ওয়াজ মাহফিল নিয়ে দু’পক্ষ লিপ্ত হয় তর্কাতর্কিতে। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। রাত সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষে মারা যায় এক মাদ্রাসা ছাত্র। নিহত মাদ্রাসা ছাত্র মুজাম্মিল আলী গোয়াইঘাট উপজেলার বড়গোছা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয় আরও অর্ধশতাধিক লোক। এছাড়া অন্তত ৪০টি বাড়িঘরে হামলা ও আগুন ধরিয়ে দেয়া হয়।

Share





Related News

Comments are Closed