Main Menu

ভোলাগঞ্জে গর্ত ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কোয়ারির কালাইরাগ এলাকায় গর্ত ধসে নিখোঁজ আরো এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মইন উদ্দিন (৩০)। তার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কলক্তা গ্রামে। তার পিতার নাম রইছ উদ্দিন। এ নিয়ে এ ঘটনায় ৫ জনের মৃত্যু হলো।
গত রোববার রাতে জেনারেটর লাগিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ, কালা মিয়া এবং মাসুক মিয়া ও তাদের সহযোগীদেরমালিকানাধীন গর্তে পাথর উত্তোলন করছিল ২৫-৩০ জন শ্রমিক। রাত ৮টার দিকে আকস্মিক গর্তের উপরের অংশ ধসে বেশ কয়েকজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা রাতে উদ্ধার কাজ চালিয়ে পাথর শ্রমিক দক্ষিণ সুনামগঞ্জের মুরাদপুর গ্রামের হযরত আলীর পুত্র মতিবুর রহমান (৩২) এবং একই গ্রামের আসকর আলীর পুত্র রুহুল আমিন (২২) এর লাশ উদ্ধার করে। এ সময় গুরুতর আহতাবস্থয় উদ্ধার করা হয় রুহেল (১৮), রাকিবুল (১৬) ও ফিরোজ আলী (৪৫) নামের আরও তিনজনকে। তাদের মধ্যে ফিরোজ আলীর অবস্থা আশঙ্কাজনক। সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। দুর্ঘটনার পর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ এসময় গর্তের সর্দার আব্দুর রউফকে আটক করে।
এদিকে, সোমবার সকাল ৯টা থেকে কালাইরাগে ফের উদ্ধার অভিযান শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। টানা আট ঘন্টার অভিযানে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। তারা হচ্ছে-দক্ষিণ সুনাগঞ্জের ছলেরবন্দ গ্রামের আব্দুল জলিলের পুত্র আশিক আলী (৩০) এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কলক্তা গ্রামের আম্বর আলীর পুত্র আতাবুর (৪০) ও একই গ্রামের মঈন উদ্দিন (৩০)।
এ সময় দুর্ঘটনাস্থলে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল হক, সার্কেল এএসপি (সিলেট উত্তর) মতিয়ার রহমান অভিযানকালে উপস্থিত ছিলেন। উদ্ধার অভিযানে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা অংশ নেন। টানা আট ঘন্টার অভিযান সমাপ্ত হয় বিকাল ৫টায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কান্তি নাথ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে উদ্ধার হওয়া দুই শ্রমিকের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। লাশ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার উদ্ধারকৃত তিন শ্রমিকের লাশও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, গর্ত ধসের ঘটনায় গর্তের মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed