Main Menu

ছাতকে ট্রাক খাদে পড়ে নিহত ২ জনের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রায় ১৬ ঘন্টা পর ছাতকে দুর্ঘটনা কবলিত ট্রাক থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হচ্ছে- দোয়ারাবাজার উপজেলার মোল্লাপাড়া গ্রামের ছিফত আলীর পুত্র আবুল হোসেন (২৫) ও সুনামগঞ্জের তেঘরিয়ার হাবিব আহমদ (৩০)। আহত ট্রাক চালকের পরিচয় জানা যায়নি।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ছাতক-দোয়ারাবাজার সড়কের লক্ষীবাউর বেইলী ব্রীজ ভেঙ্গে মালামাল বোঝাই ট্রাকটি খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটে। এরপর ট্রাক চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলেও ট্রাকের অপর দুই যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার বিকেল ৪টার দিকে ক্রেনের সাহায্যে তাদের লাশ বের করে আনা হয়। উদ্ধার অভিযান পরিচালনা কালে সেখানে মানুষের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়।

এদিকে, ছাতকের উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারাবাজারের উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী, ছাতকের ইউএনও নাসির উল্যাহ খান, দোয়ারার ইউএনও মহুয়া মমতাজ, সওজ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম খান পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ছাতক থানার ওসি (অপারেশন) গোলাম মোস্তফা জানান, স্লুইস গেইট নির্মাণের মালামাল নিয়ে একটি ট্রাক ছাতক-দোয়ারাবাজার সড়কের লক্ষীবাউর ব্রীজটি ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। আহত হয়েছে একজন। ব্রীজটি ধসে পড়ায় ছাতকের সাথে দোয়ারাবাজারের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এর আগে ২০১৫ সালের ১৪মে রাতে একই সড়কের কাড়ইলগাঁও গ্রামের চৌধুরী খালের বেইলী ব্রিজ ভেঙ্গে পড়ে। এ ঘটনায় ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট ১৬-৭২৪৫) এর মালিক রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে ছাতক থানায় ১০ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা (নং-১২) দায়ের করেন সওজর ছাতকের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী।
এব্যাপারে নোয়ারাই ইউপি সদস্য ও লক্ষীবাউর নিবাসি মনির উদ্দিন জানান, ছাতক-দোয়ারাবাজার সড়কে আরো একাধিক ঝুঁকিপূর্ণ বেইলী ব্রিজ রয়েছে। ২০১৫ সালে এসড়কে আরো একটি বেইলী ব্রিজ ভেঙ্গে গাড়িসহ পানিতে তলিয়ে যায়। তিনি সড়কসহ ব্রিজের উন্নয়নে সরকারের সহযোগিতা কামণা করেন।

Share





Related News

Comments are Closed