Main Menu

খালেদার জরিমানা স্থগিত, জামিন শুনানি রোববার

বৈশাখী নিউজ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে আগামী রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ শুনানির তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা যায়, এর আগে দুপুর পৌনে ১২টার দিকে জিয়ার সাজার বিরুদ্ধে আপিল ও জামিনের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি শুরু হয়। শুনানি শুরুর কিছুক্ষণের মধ্যেই আদালত কক্ষে হট্টগোলের কারণে কক্ষ ত্যাগ করেন বিচারকরা। পরিস্থিতি একটু শান্ত হলে আবার শুনানি শুরু হয়।

শুনানি শুরুর পর জামিন ও আপিলের আবেদন গ্রহণ করেন আদালত। এর পর এ বিষয়ে কিছুক্ষণ শুনানি অনুষ্ঠিত হয়। শেষে আগামী রোববার দুপুর ২টায় জামিনের বিষয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়।

এ সময় আপিল শুনানির জন্য ১৫ দিনের মধ্যে বিচারিক আদালত থেকে মামলা নথি হাই কোর্টে পাঠাতে হবে বলে উল্লেখ করেন আদালত। এছাড়া নিম্ন আদালতের দেওয়া অর্থদণ্ড স্থগিত করেছে হাইকোর্ট।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া তারেক রহমানসহ মামলার বাকি পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়। ওই দিন রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে নেওয়া হয়। এরপর কারাগারে ডিভিশন (প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা) চেয়ে আবেদন করেন খালেদার আইনজীবীরা।

Share





Related News

Comments are Closed