Main Menu

সংগীতশিল্পী সাবা তানি আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: নব্বই দশকের জনপ্রিয় পপ সংগীত শিল্পী সাবা তানি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকালে উত্তরার বাসায় স্নানঘরে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে।

সংবাদ মাধ্যমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর আত্মীয় অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। মৃত্যুকালে সাবা তানির বয়স হয়েছিল ৪৯ বছর।

তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘দীর্ঘদীন ধরে সাবা তানি আপু নিম্ন রক্তচাপে ভুগছিলেন। গতকাল রোববার তিনি বাসায় একাই ছিলেন। নিউ ইস্কাটনে তাঁর মা বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন কাল। আমার যেটা মনে হয়, বাথরুমে উনি যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন, যেহেতু তাঁর বাসায় কেউ ছিল না, তাই কেউ তাঁকে চিকিৎসকের কাছে নিতে পারেনি।’

সাবা তানির একমাত্র ছেলে এখন যুক্তরাজ্যে থাকেন। আজ সকালে আত্মীয়রা বাসার দরজা ভেঙে সাবা তানির বাসায় ঢোকেন বলে জানান তাহমিনা সুলতানা মৌ।

আশি ও নব্বই দশকে টেলিভিশন ও মঞ্চে গান ও গজল গেয়ে জনপ্রিয়তা পান সাবা তানি। এরপর তাকে আর গানে নিয়মিত পাওয়া যায়নি।

এদিকে সংগীতশিল্পী ফোয়াদ নাসের বাবু বলেন, ‘সকালে তানির লাশ বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। রক্তচাপের কারণে তিনি মারা গেছেন বলে জেনেছি।

পারিবারিক সূত্রে জানা যায়, সাবা তানি দীর্ঘদিন যাবত নিম্ন রক্তচাপে ভুগছিলেন। উত্তরার বাসায় মায়ের সঙ্গে থাকতেন। গতকাল রোববার নিউ ইস্কাটনে বড় বোনের বাসায় যান মা। রাতে তিনি সেখানেই ছিলেন। গতকাল রাত থেকে অনেকেই সাবা তানিকে ফোনে পাচ্ছিলেন না। আজ সকালে আত্মীয়-স্বজনরা বাসার কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তাকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা।

সাবা তানির বাসায় একজন গৃহকর্মী ছাড়া কেউ ছিলেন না। এই শিল্পীর বাবা ও পরিবারের সদস্যরা থাকেন লন্ডনে।

মাঝে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের বাছাই পর্বের বিচারক হিসেবে তিনি কাজ করেছেন। আর ২০১৬ সালে টিভি পর্দায় বেশ কিছু সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নিয়ে দীর্ঘদিন পর সংগীতে ফিরেছিলেন এই শিল্পী। সাবা তানির জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘কিছুক্ষণ’ ও ‘কোনো বৈশাখী রাতে যদি’। তার কিছু গজল ওই সময় খুব প্রশংসিত হয়েছিল।

Share





Related News

Comments are Closed