Main Menu

মোতালেব-নাসির বরখাস্ত

বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসিরউদ্দিন সাময়িক বরখাস্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর (প্রেষণ শাখা- ১) থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন জানান, গ্রেফতার হওয়া দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, ‘পিও মোতালেব হোসেনকে মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাসিরউদ্দিনকে প্রেষণ-প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাসিরউদ্দিন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মচারী ছিলেন। কিন্তু তিনি প্রেষণে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করতেন।’

উল্লেখ্য, গত শনিবার বিকালে শিক্ষামন্ত্রীর পিও মো. মোতালেব হোসেনকে রাজধানীর বসিলা এলাকা থেকে ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মোতালেব সেখানে তার নির্মাণাধীন বহুতল বাড়ির কাজ তদারক করতে গিয়েছিলেন।

এ ব্যাপারে ওই দিন হাজারীবাগ থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। একই দিন রাজধানীর গুলশানের লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেদ হাসান মতিন নিখোঁজ হন।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে প্রেষণে কর্মরত উচ্চমান সহকারী নাসির উদ্দিন নিখোঁজ হন। তিনি খিলক্ষেত এলাকার লেকসিটি কনকর্ডে থাকতেন। সব ঘটনাতেই নিখোঁজদের স্বজনরা সংশ্লিষ্ট থানায় জিডি করেছেন। তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশ তাদের গ্রেফতার বা আটকের কথা অস্বীকার করে।

তবে রবিবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, এদিন সকাল সাড়ে ৮টায় শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনকে এক লাখ ৩০ হাজার টাকাসহ গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তার সঙ্গে যোগাযোগের সূত্র ধরে মোতালেব হোসেনকে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে লেকহেড স্কুলের মালিক মো. খালেদ হাসান মতিনকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Share





Related News

Comments are Closed