Main Menu

সিলেটে অর্থমন্ত্রীর গাড়ি চাপায় আহত ২০

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে অর্থমন্ত্রীর গাড়ি চাপায় আওয়ামীলীগের নেতাকর্মী ও মুসল্লীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত ১২জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর শিগঞ্জ এলাকার একটি মসজিদে অর্থমন্ত্রীকে আনতে গেলে তার ব্যবহৃত গাড়িটি মসজিদের সামনের রাস্তায় দাড়িয়ে থাকা মুসল্লীদের ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নগরীর শিবগঞ্জের ফরহাদ খাঁর পুল এলাকার সোনারপাড়া জামে মসজিদে জুমআর নামাজ আদায় করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও আওয়ামীলীগের শীর্ষ নেতারা। নামাজ শেষে অর্থমন্ত্রীর সাথে মুসল্লিরা যখন সাক্ষাৎ করছেন তখন মসজিদের পাশের একটি মাঠে রাখা অর্থমন্ত্রীর ব্যবহৃত গাড়ি তাকে নেয়ার জন্য মসজিদের পাশে আসে। এসময় সময় ড্রাইভারের অসতর্কতার কারনে গাড়ির ধাক্কায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, তার এপিএস কবিরুল ইসলাম কবির, আওয়ামী লীগ নেতা এসএম নুনু মিয়া, অর্থমন্ত্রীর সহোদর এ কে আবদুল মোমেন চৌধুরীর এপিএস মো. আবুল হোসেন, ১৯ ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নাছির উদ্দিন, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি নুর মোহাম্মদ বাবু, মহানগর ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন, এমসি কলেজ ছাত্রলীগ নেতা জাকির আহমদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক লোকমান আহমদ, ১৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মানিক মিয়া, দিরাই ছাত্রলীগের সদস্য নাছিম আহমদ, জুনেদ হোসেন, ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আনিছুল হক (৫৫) ও শাফি আহমদ (১০) সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক (ইমার্জেন্সি মেডিকেল অফিসার) ডা. মনোজ ও ডা. পান্না বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত গুরুতর আহত ১২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশসহ মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন।
সিলেট কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে জানায় হঠাৎ করে গাড়ির ব্রেক ফেল করেছে। যার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বেলা ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ থবর নেন। এর আগে দুপুরে বিমানযোগে ঢাকা থেকে সিলেটে আসেন অর্থমন্ত্রী।

Share





Related News

Comments are Closed