Main Menu

প্রভাষক আব্দুল মান্নান আর নেই

মামুন তানভীর, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: সারা বছর প্রাইভেট পড়ে টাকা দিতে না পারলেও সমস্যা নেই, কিন্তু পড়া বাদ দেওয়া যাবে না। এমন পোষ্ট এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। ফেসবুক পোষ্টটি করছেন যারা, তাদের প্রায় অধিকাংশই শিক্ষার্থী। কিন্তু কেন? এর কারণ সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেছেন পটুয়াখালীর দশমিনা উপজেলার আবদুর রসিদ তালুকদার সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও ইংরেজী প্রভাষক মোঃ আব্দুল মান্নান সিকদার। গত বুধবার রাত ১১ টায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
প্রভাষক পেশার কর্মজীবনে তিনি যে আদর্শ দশমিনা উপজেলায় স্থাপন করে গেছেন তা দশমিনা উপজেলার ইতিহাসে বিরল। প্রভাষক আব্দুল মান্নান সিকদার ছিলেন ধর্মভিরু, খুবই সৎ, নীতিবান ও আদর্শবান চরিত্রের অধিকারী। তাঁর মৃত্যুর খবর শুনে ও জানাজার নামাজের সময় দাড়িয়ে কেদেছেন শত শত মানুষ। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় দশমিনা সরকারি কলেজ মাঠে জানাজার নামাজ শেষে হিজলা উপজেলার নরসিংপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, সাবেক সংসদ সদস্য শাহজাহান খাঁন, কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শাখাওয়াত হোসেন শওকত,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ মিয়া,সাধারন সম্পাদক সিকদার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম ফরায়েজী, উপজেলা যুবলীগের সভাপতি নাসির পালোয়ান, যুবদল নেতা শাহ আলম শানু, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি বশির মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি ইকবাল বশির, সাধারন সম্পাদক জোবায়ের হোসেন আককাস, সাংগঠনিক সম্পাদক শাফাওয়াত ইসলাম শাওন, আতিকুর রহমান মনজু, কলেজ ছাত্রদলের সভাপতি আবুল বশার, সাধারন সম্পাদক একরামুল হাসান দিপু ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু প্রমুখ শোক প্রকাশ করেন। এছাড়াও আবদুর রসিদ তালুকদার সরকারি ডিগ্রি কলেজের পক্ষ থেকে কলেজের বর্তমান অধ্যক্ষ প্রভাষক মোঃ সোহেল রানা, প্রভাষক মোঃ হাফিজুর রহমান ও প্রভাষক মোঃ ফারুখ হোসাইন নিলয় গভীর শোক প্রকাশ করেন।

Share





Related News

Comments are Closed