Main Menu

আব্দুস সামাদ আজাদের ৯৬তম জন্মবার্ষিকী আজ

বৈশাখী নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ৯৬ তম জন্মবার্ষিকী আজ সোমবার ।

এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সকাল ৯টায় কুরআন খতম, ১১টায় ঢাকায় বনানীতে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। বাদ আসর ঢাকার লেক সার্কাস লেকভিউ জামে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সুনামগঞ্জ, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ, ছাতকে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আব্দুস সামাদ আজাদ তৎকালীন সিলেট জেলার জগন্নাথপুর থানার ভূরাখালি গ্রামে ১৯২২ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৪০ সালে সুনামগঞ্জ জেলা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন এবং ১৯৪৬ সালে একই সংগঠনের অবিভক্ত আসামের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে তাঁর সিদ্ধান্তক্রমে ও নেতৃত্বে প্রথম ১৪৪ ধারা ভঙ্গ করা হয়। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে এম,এল,এ নির্বাচিত হন এবং আওয়ামী লীগে শ্রম সম্পাদক হিসাবে যোগদান করেন।

১৯৫৮ সালে আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং সর্বদলীয় রাজনৈতিক জোট এন,ডি,এফ এর দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭০ এর নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে এম,এন,এ নির্বাচিত হন। মুক্তিযুদ্ধে সংগঠকের দায়িত্ব পালনের পাশাপাশি স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। ’৭৫ পরবর্তী আওয়ামী লীগ পুনর্গঠনে বিশেষ ভূমিকা পালন করেন এবং জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

১৯৯০ এর গণঅভ্যুত্থানের এবং ১৯৯৬ এর জনতার মঞ্চের অন্যতম রুপকার ছিলেন তিনি। ১৯৯১ সালে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ। সুনামগঞ্জ জেলার প্রায় প্রতিটি নির্বাচনী এলাকা থেকে বিভিন্ন সময়ে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ মন্ত্রিসভায় সফল পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন।

Share





Related News

Comments are Closed