Main Menu

আগামী মার্চেই ফোরজি সেবা: বিটিআরসি

বৈশাখী নিউজ ডেস্ক: ফোরজি সেবা দিতে পাঁচটি মোবাইল ফোন অপারেটর লাইসেন্সের জন্য আবেদন করেছে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেছেন, আশা করছি আগামী মার্চের মধ্যেই এ সেবা দিতে পারবো।

রবিবার (১৪ জানুয়ারী) বিটিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান এ আশাবাদ ব্যক্ত করেন।

ফোরজি লাইসেন্সের জন্য আবেদন করা পাঁচ অপারেটরের মধ্যে রয়েছে- সরকারি প্রতিষ্ঠান টেলিটক, বেসরকারি বাংলালিংক, গ্রামীণফোন, রবি আজিয়াটা ও সিটিসেল।

এ ব্যাপারে দুটি মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, কমিটি আগামী ২৩ জানুয়ারির মধ্যে একটি প্রতিবেদন কমিশনের কাছে দাখিল করবে। আবেদন যাচাইয়ের পর কমিশনের অনুমোদন সাপেক্ষে প্রতিবেদনটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রেরণ করা হবে।

শাহজাহান বলেন, সরকারের চূড়ান্ত অনুমোদনের পর আগামী ১৩ ফেব্রুয়ারি তরঙ্গ নিলামের পরদিনই ১৪ ফেব্রুয়ারি অর্থ জমা দেয়া সাপেক্ষে ফোরজি লাইসেন্স হস্তান্তর করা হবে। অপারেটরগুলোকে ফোরজি তরঙ্গ বরাদ্দ পেতে নিলামে অংশ নিতে হবে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান জানান, এ ব্যাপারে একটি নীতিমালা তৈরি করা হয়েছে।

কমিশনের নীতিমালায় এক হাজার ৮০০ মেগাহার্টজের তরঙ্গ নিলামের ভিত্তিমূল্য ধরা হয়েছে প্রতি মেগাহার্টজে ৩০ মিলিয়ন ডলার।

এর আগে এদিন সকালে ‘ফোরজি’র নিলাম নিয়ে চেম্বার বিচারপতির রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ‘ফোরজি’র নিলাম আয়োজনে আর বাধা না থাকায় বিটিআরসি’র পক্ষ থেকে এ ঘোষণা এসেছে।

Share





Related News

Comments are Closed