Main Menu

নতুন কমিটি প্রত্যাখান করে বিয়ানীবাজারে ছাত্রদলের বিক্ষোভ

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যায়িত করে তা প্রত্যাখান করে বিক্ষোভ করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা। এর জেরে তাদের হাতে লাঞ্ছিত হয়েছেন উপজেলা বিএনপির এক নেতাও। এছাড়া উপজেলা সদরে ঝাড়ু মিছিল ছাড়াও জেলা বিএনপির এক নেতার বিলবোর্ডও পুড়ানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় এই তিন ইউনিটের কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রদল। এরপর থেকেই আলোচনা-সমালোচনার ঝড় উঠে উপজেলা জুড়ে। ওই দিন রাতে ইনার কলেজ রোডে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের উপস্থিতিতে পদবঞ্চিত নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হন উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন। পরে উপজেলা বিএনপি নেতারা এগিয়ে এলে তারা স্থান ত্যাগ করে। এ নিয়ে শহরে মৃদু উত্তেজনা বিরাজ করছে।

এদিকে মঙ্গলবার সকালে জেলা ঘোষিত ‘পকেট কমিটি’ প্রত্যাখান করে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা পৌরশহরের প্রধান সড়কে ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরীর ছবি সম্বলিত একটি ব্যানারে অগ্নিসংযোগ করে।

পদবঞ্চিত নেতাদের দাবি, কোন ধরণের আলোচনা ছাড়াই জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না মোটা অংকের টাকার বিনিময়ে অযোগ্যদের দিয়ে ‘পকেট কমিটি’ গঠন করেছেন। তারা অবিলম্বে কমিটি বাতিলের দাবী জানান। পাশাপাশি তারা ফয়সল চৌধুরীকে বিয়ানীবাজারে অবাঞ্চিত ঘোষণা করে।

সার্বিক বিষয়ে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল বলেন, আমরা কমিটি গঠন প্রক্রিয়া সম্পর্কে অবগত নই। তবে সোমবার রাতে ফেসবুকের বদৌলতে কমিটি হওয়ার খবর পেয়েছি। ছাত্রদলের ঝাড়ু মিছিল প্রসঙ্গে তিনি বলেন, তাৎক্ষনিক আমাদের করার কিছু ছিলনা।

অপর এক প্রশ্নের জবাবে নজমুল হোসেন পুতুল বলেন, বিয়ানীবাজারে ছাত্রদলের বিশাল কর্মীবাহিনী রয়েছে। নবগঠিত ৩ ইউনিট কমিটিতে সামান্য কয়েকজনের নাম এসেছে। এজন্য বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষুব্ধ। এ অবস্থায় নবগঠিত কমিটিকে অভিনন্দন কিংবা প্রত্যাখান করার সময় এখনো হয়নি।

বিএনপি নেতা লাঞ্ছিত প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রদলের কতিপয় কর্মী ছরওয়ার হোসেনের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় করেছে। এর চেয়ে বেশি কিছু ঘটেনি।

Share





Related News

Comments are Closed