নীলফামারীতে অগ্নিকান্ডে ৪২টি ঘর ভস্মিভূত
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩২টি পরিবারের মোট ৪২টি ঘরসহ ১১টি গরু-ছাগল (৪টি গরু, ৭টি ছাগল), নগদ ২ লাখ টাকা, ৪টি খড় ও ধানের পুঞ্জ (স্তুপ) পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বুধবার (১৩ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ডোবাডাঙ্গা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৯ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে জানা যায়।
গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম সাংবাদিকদের জানান, ডোবাডাঙ্গা গ্রামের এনামুল ইসলামের বাড়ি থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় তার বাড়ির সাথে লাগোয়া মতিয়ার রহমান, অলিয়ার রহমান, আবু বকর, নুর উদ্দিন, অাফসার আলী, আনিসুর রহমান, তহুজা বেগম, রাহিদুল ইসলাম, শাহিনুর ইসলাম, ওবায়দুল ইসলাম, বেগম বেওয়া, ফারুক হোসেন, বুদারু মামুদ, মমিনুর রহমান, আহিদুল ইসলাম, ফজলুল হক ফজলু, আলেয়া বেগম, রফিকুল ইসলাম ও সহিদুল ইসলামের বাড়িতেও মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে মোট ৩২টি পরিবারের ৪২টি ঘর ও ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আফসার আলীর নগদ দেড় লাখ টাকা, এনামুলের নগদ ৫০ হাজার এবং চারটি গরু ও ৭টি ছাগল পুড়ে যায়।
খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের সবকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়া।
গোড়গ্রাম ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কম্বল ও শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। রেডক্রিসেন্ট সোসাইটি থেকে তাবু দেওয়া হয়েছে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed