হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন স্থগিত করে প্রজ্ঞাপন জারি
বৈশাখী নিউজ ডেস্ক : দেশের সব সিটি করপোরেশনের অধীন গৃহকর (হোল্ডিং ট্যাক্স) পুনর্মূল্যায়ন স্থগিত করেছে সরকার।
এ ছাড়া জন্ম-মৃত্যু সনদপত্রের ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকায় পুনঃনির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।
সংশ্লিষ্টরা বলছেন, গৃহকর পুনঃমূল্যায়ন নিয়ে সব সিটি করপোরেশন এলাকায় বসবাসকারীদের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে সেটি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছে। বিশেষ করে ভোটের কথা মাথায় রেখেই পুনঃমূল্যায়ন স্থগিত করা হয়েছে এমনটাই বলছেন অনেকে।
স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক বলেন, সিটি করপোরেশনগুলোতে গৃহকর পুনঃমূল্যায়ন যা অনেক ক্ষেত্রে সম্পন্ন হয়েছে বা চলমান রয়েছে তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ বা ক্ষেত্রবিশেষ আপিল দাখিল হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে পুনঃমূল্যায়নের স্বচ্ছতা নিয়ে অভিযোগ করা হয়েছে। পুনঃমূল্যায়নে প্রথাগত ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করার কারণেই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশ্ন করা হলে আব্দুল মালেক বলেন, জনগণের সরকার জনগণের বিপক্ষে বা তাদের মতামতের প্রতি সব সময়ই শ্রদ্ধাশীল।
স্থানীয় সরকার বিভাগের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাগরিক সেবা প্রদান কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, জনবান্ধব এবং অনলাইনে সম্পাদন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।
ঢাকা উত্তর-দক্ষিণ চট্টগ্রাম খুলনা, রাজশাহী বরিশাল ও সিলেটে গৃহকর মূল্য নির্ধারণ ও আদায় কার্যক্রম অটোমেশনের মাধ্যমে সম্পন্ন করার কাজ চলমান রয়েছে। কুমিল্লা নারায়ণগঞ্জ, রংপুর ও গাজীপুর শিগগির অটোমেশন কার্যক্রম শুরু হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, এই বাস্তবাতায় চলমান গৃহকর পুনঃমূল্যায়নের কাজ স্থগিত করা হচ্ছে। তবে ইতিমধ্যে ম্যানুয়াল পদ্ধতিতে মাত্রাতিরিক্ত হারে যেসব ক্ষেত্রে গৃহকর আদায় করা হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। তবে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৮২ ধারা অনুযায়ী সরকারের পূর্বানুমোদন নিয়ে অনলাইন পদ্ধতির মাধ্যমে গৃহকর পুনঃমূল্যায়নের কার্যক্রম শুরুর জন্য সিটি করপোরেশনগুলোকে বলা হয়েছে।
জন্ম মৃত্যু নিবন্ধন সনদের ফি
কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যু হলে সেদিন থেকে ৪৫ দিনের মধ্যে সনদ নিলে কোনো ফি প্রয়োজন হবে না। ৪৫ দিন পরবর্তী ৫ বছর পর্যন্ত দেশে সাকুল্যে ২৫ টাকা বিদেশের জন্য ১ মার্কিন ডলার। ৫ বছরের পর দেশে ৫০ টাকা বিদেশে ১ মার্কিন ডলার। জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি ১০০ টাকা। বিদেশে ২ মার্কিন ডলার, জন্ম তারিখ ব্যতীত নাম পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফি ৫০ টাকা বিদেশে ১ মার্কিন ডলার, বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহের জন্য ফি ৫০ টাকা এবং বিদেশে ১ মার্কিন ডলার। তবে উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি নিতে ফি লাগবে না। জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ পেতে এখন ৫০০ টাকার পরিবর্তে ১০০ টাকা দিতে হবে। এ আদেশ সব সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed