Main Menu

সিলেটে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ফিলিস্তিনী আরবদের কাছ থেকে অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল কর্তৃক জবর দখল করা মসজিদে আকসার শহর পবিত্র জেরুজালেমকে যুক্তরাষ্ট্র কর্তৃক সম্পূর্ণ অন্যায় ও আগ্রাসী মনোভাব নিয়ে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ শুক্রবার সারা দেশে বাদ জুমা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচী ঘোষণা করে। হেফাজতের এই কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাদ জুম্মা সিলেটে হেফাজতে ইসলামসহ আরো কয়েকটি সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা সিলেট বন্দরবাজার জামে মসজিদ থেকে সিলেট মহানগর হেফাজতের ব্যানারে মুসল্লীগন বিক্ষোভ মিছিল সহকারে নগরীর কোর্টপয়েন্টে এসে পথ সভায় মিলিত হন। সিলেট মহানগর হেফাজতের সেক্রেটারী ও বন্দর বাজার জামে মসজিদের খতীব মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ও মিছিলে উপস্থিত ছিলেন, হেফাজতের কেন্দ্রীয় নেতা এডভোকেট মাওলানা আব্দুর রকিব, মাওলানা মনসুরুল হাসান রায়পুরী,মুফতি ফয়জুল হক জালালাবাদী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা সদরুল আমীন, মাওলানা কায়সান মাহমুদ আকবরী, মাওলানা লুৎফুর রহমান, দেলোওয়ার হোসাইন ইমারান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ট্রাম্প একজন বিকৃত মস্তিস্কের অধিকারী। তিনি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বিভিন্ন অসংলগ্ন সিদ্ধান্তের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছেন। দেশে দেশে যুদ্ধাবস্থারও সৃষ্টি হচ্ছে তার নানা আগ্রাসী সিদ্ধান্ত ও নীতির কারণে। সর্বশেষ গত ৬ই ডিসেম্বর ফিলিস্তিনী আরবদের ভূমি পবিত্র মসজিদুল আকসা ধন্য জেরুসালেম নগরীকে ইসরাইলের রাজধানী ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত আগ্রাসনমূলক, অন্যায় এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। এটা কোনভাবেই মুসলমানরা মেনে নিবে না। তারা বলেন, ট্রাম্পের এই অন্যায় ও আগ্রাসী সিদ্ধান্তের প্রতিবাদে সারা বিশ্বে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, যুগ যুগ ধরে জেরুজালেম ফিলিস্তিনের অন্তর্ভুক্ত ছিলো। মুসলমানদের প্রথম কিবলাও এখানে অবস্থিত। ইয়াহুদী জারজ রাষ্ট্র ইসরাইল বহু আগ থেকেই ফিলিস্তিন থেকে জেরুজালেমকে কেড়ে নেবার পাঁয়তারা করে আসছে এবং নানা হত্যাকান্ড ও জবরদখল কার্যক্রম চালিয়ে আসছে। এই নিয়ে ফিলিস্তিনীদের অনেকেই বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। ইসরাইলের এই অবৈধ কার্যক্রম বিশ্বের কোন দেশ সমর্থন দেয়নি। ইসরাইল নানাভাবে জেরুসালেমকে নিজেদের রাজধানী ঘোষণা করে বিশ্বের স্বীকৃতি পাওয়ার জন্য বহু চেষ্টা করে আসছিল। কিন্তু কেউ সাড়া দেয়নি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নিজেদের ক্ষমতা ও সামরিক শক্তির বড়াই দেখিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইলের জন্য মুসলমানদের পবিত্র ভূমি জেরুসালেমকে রাজধানী ঘোষণা দিয়ে সরাসরি ফিলিস্তিনী, আরব ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলেন, এই ডোনাল্ড ট্রাম্পের কূট চালের কারণেই আজ সৌদআরবসহ গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ হয়ে ওঠেছে। ইহুদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও ডোনাল্ড ট্রাম্পের অন্যায় নীতির বিরুদ্ধে বিশ্বের সকল মুসলমান ও শান্তিকামী বাসিন্দাকে সোচ্চার হতে হবে। বক্তারা পবিত্র জেরুসালেমকে রক্ষায় হেফাজতে ইসলাম ঘোষিত যে কোন কর্মসূচী সফল করার বিষয়েও প্রত্যয় ব্যক্ত করেন।

Share





Related News

Comments are Closed