Main Menu

জিয়াউর রহমানের ছোট ভাই কামালের ইন্তেকাল

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনি রাজধানীর সবুজবাগে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান এ খবর জানান। ৭০ বছর বয়সী আহমেদ কামাল ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানান তিনি।

আহমেদ কামালের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। পাঁচ ভাইয়ের মধ্যে আহমেদ কামাল ছিলেন সবচেয়ে ছোট। বাকি চার ভাই আগেই মারা গেছেন।

পশ্চিম পাকিস্তানে উচ্চ শিক্ষা নেন আহমেদ কামাল। স্বাধীনতার পর দেশে ফিরে বাংলাদেশ পর্যটন করপোরেশনে এক্সিকিউটিভ হিসেবে যোগ দেন তিনি। ২০০৬ সালে অবসরে যাওয়ার আগে তিনি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অবিবাহিত ‍ছিলেন আহমেদ কামাল। তিনি খুব সাধারণ জীবন-যাপন করতেন বলে বন্ধুদের ভাষ্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ জিয়া পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না বলে ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

২০১৬ সালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে হঠাৎ জনসমক্ষে আসেন তিনি। তিনি নতুন দল গঠন করছেন এমন আলোচনাও ওঠে রাজনৈতিক অঙ্গনে।

শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি বগুড়ার গাবতলী নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed