Main Menu

এমপি কেয়ার ওপর হামলার ঘটনায় মামলা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মিরপুরে এমপি কেয়া চৌধুরীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নবনির্বাচিত বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা মোঃ তারা মিয়া ও হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা আলাউর রহমান সাহেদসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৪/১৫ জনের বিরুদ্ধে বাহুবল থানায় এই মামলা দায়ের করা হয়। রবিবার (১৯ নভেম্বর) মামলাটি দায়ের করেন উপজেলার লামাতাসী ইউপির সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পারভীন আক্তার।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মাসুক আলী বলেন, এমপি কেয়া চৌধুরীর উপর হামলার ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে। তবে মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর মিরপুরের বেদে পল্লীতে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মধ্যে সরকারের পক্ষ থেকে তাদের অনুদান বরাদ্ধ হয়। উপজেলা সমাজসেবা অধিদফতর ও যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে এই অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে কেয়া চৌধুরীকে প্রধান অতিথি করা হয়। ১০ নভেম্বর শুক্রবার বিকেলে মিরপুর বেদে পল্লীতে আর্থিক সহায়তা প্রদান করতে যান হবিগঞ্জ-সিলেটের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য কেয়া চৌধুরী।

এ উপলক্ষে পার্শ্ববর্তী স্থানে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়। এক পর্যায়ে যুবলীগ নেতা তারা মিয়া ও আওয়ামী লীগ নেতা আলাউর রহমান সাহেদের নেতৃত্বে কিছু লোক মঞ্চ থেকে মাইক খুলে নিয়ে যায়। এ নিয়ে হট্টগোল বাধলে তারা মিয়া ও সাহেদের নেতৃত্বে উশৃঙ্খল কর্মীরা কেয়া চৌধুরীর উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। পরে তাকে বাহুবল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তাকে আইসিউতে রেখে চিকিৎসা দেয়া হয়।

Share





Related News

Comments are Closed