Main Menu

সিলেটে নিখোঁজ সিএনজি চালকের লাশ সুনামগঞ্জে উদ্ধার

সুনামগঞ্জ সংবাদদাতা : সিলেটের এক সিএনজি চালকের ভাসমান গলিত লাশ উদ্ধার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের প্রাক্কালে নিহতের স্বজনরা তার লাশ সনাক্ত করেন। নিহত হোসাইন আহমদ (২৪) সিলেটের দক্ষিণ সুরমা থানার কাজিরখলা বরইকান্দি নিবাসী আজিজুর রহমানের পুত্র।
নিহতের ভাই রাসেল আহমদ ও তার চাচা হামিদুর রহমান সাংবাদিকদের জানান, গত ১লা নভেম্বর বাবু নামের এক লোক মোবাইল কল করে হোসাইন আহমদকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে অনেক অনুসন্ধান করেও তার খোজ পাওয়া যায়নি। বুধবার বেলা পৌনে ২টায় শহরতলীর ধারারগাঁও গ্রামের পাথর ক্রাসারের ১০০ গজ দূরে সুরমা নদীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে উঠেছে এ সংবাদে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে জানতে পেরে তারা সুনামগঞ্জে ছুটে আসেন। নিহতের পরনের কাপড়চোপড় দেখে তারা লাশটি সনাক্ত করেন।
সুনামগঞ্জ সদর থানার এসআই মোশাররফ হোসেন লাশটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন। তিনি বলেন, আমরা প্রথমে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় বুধবার সুরমা নদী হতে উদ্ধার করি। পরদিন বৃহস্পতিবার নিহতের স্বজনরা জেলা সদর হাসপাতালে এসে তার লাশটি সনাক্ত করেন। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed