Main Menu

কানাইঘাটের বাংলাটিলায় নিহত ৬ জনের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে নদী তীরের বাংলাটিলা থেকে পাথর তুলতে গিয়ে ভূমি ধসে চার মাদ্রাসা ছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাণে বেঁচে যায় একই গ্রামের নূর উদ্দিনের পুত্র মাহফুজ আলম (১২)। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, কানাইঘাট উপজেলার চাণ্ডালা বাংলাটিলা এলাকার লোভাছড়া নদীর তীরে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। তিনি জানান, এ ঘটনায় বেলা ৪টা পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- বাংলাটিলা এলাকার ইউনূস আলীর ছেলে জাকির (১৬), আলমাস মিয়ার দুই ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মুসাব্বির আলীর ছেলে মারুফ (১৩), আনা মিয়ার ছেলে আবদুল কাদির (১৩) ও আবদুল বারীর ছেলে সুন্দর আলী (৩৫)।

নিহতদের মধ্যে চার জন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সুন্দর আলী ও জাকির ওই এলাকার বাসিন্দা ও পেশায় পাথর শ্রমিক।

পুলিশ কর্মকর্তা শামসুল আলম বলেন, স্থানীয় একটি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে স্থানীয়ভাবে বাজারের আয়োজন করা হয়। ওই আয়োজনের জন্য টাকা সংগ্রহ করতে মাদ্রাসা ছাত্রদের দলটি লোভাছড়া নদীর তীরে পাথর সংগ্রহ করতে যায়।

“লোভাছড়া নদীর পানি শুকিয়ে আসায় তলদেশে অনেক পাথর বেরিয়ে এসেছে। সেই পাথর তুলতে গিয়েছিল ওরা, যাতে পাথর বিক্রি করে টাকা জোগাড় করা যায়।”

তারা নদীর তলদেশে পাথর তোলার সময় তীর থেকে ভূমি ধসে পড়লে ওই দলের সবাই চাপা পড়ে। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ৫ জনের লাশ ও বিকেল ৪টায় দমকল বাহিনী ১জনের লাশ উদ্ধার করে।

খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কানাইঘাটের ইউএনও তানিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share





Related News

Comments are Closed