Main Menu

বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করবে সরকার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ ছয় জেলার ক্ষতিগ্রস্ত ৩৮ লাখ পরিবারকে নগদ এবং শুকনো খাবার দিয়ে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য ৭২ কোটি টাকা ছাড় করা হয়েছে। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিষয়টিতে অনুমোদন দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এপ্রিলে প্রথম দফায় আঘাত হানা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। এ ছয় জেলায় তাই আগামী বছরের জানুয়ারি পর্যন্ত দুই ধরনের সহায়তা দেয়া হবে। চলতি বছরের নভেম্বর, অর্থাৎ চলতি মাস থেকে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত ৩৮ লাখ পরিবারকে নগদ সহায়তা ও শুকনো খাবার সরবরাহ করা হবে। নগদ সহায়তা হিসেবে ছয় জেলার ৩৮ লাখ পরিবারকে মাসিক ৫০০ টাকা হারে দেয়া হবে। এতে সরকারের ব্যয় হবে ৫৭ কোটি টাকা।
পাশাপাশি বন্যার কারণে বানভাসি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্য সহায়তা হিসেবে শুকনো খাবার সরবরাহের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো দুইটি প্রস্তাবেই অর্থমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এ দুই প্রস্তাবে অনুমোদনের ফলে এ খাতে সরকারের ব্যয় দাঁড়াবে ৭২ কোটি টাকা।
সূত্র জানায়, চলতি বছরে দুই দফা বন্যায় ৩২ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এপ্রিলে হাওরাঞ্চলের সাত জেলায় প্রথম দফা এবং জুনে দ্বিতীয় দফায় সর্বমোট ৩২ জেলায় ক্ষতি হয়েছে। এ হিসাব বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)। সংস্থাটির মতে, এপ্রিলে হাওরাঞ্চলের সাত জেলায় প্রথম দফা এবং জুনে দ্বিতীয় দফায় ৩২ জেলায় বন্যায় ১৫ হাজার ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে হাওরে ক্ষতির পরিমাণ ৫ হাজার ৩০০ কোটি টাকা। আর জুনের শেষ থেকে আগস্টে ৩২ জেলায় বন্যায় ৯ হাজার ৮০০ কোটি টাকা ক্ষতির প্রাথমিক হিসাব করা হয়েছে। তবে হাঁস-মুরগি ও মসজিদ-মাদরাসাসহ কয়েকটি খাত বিবেচনায় নিলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

Share





Related News

Comments are Closed