Main Menu

তানোরে যত্রতত্র কীটনাশক দোকান, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে নীতিমালা লঙ্ঘন করে যত্রতত্র গড়ে উঠেছে কীটনাশকের (বালাইনাশক) দোকান। জানা গেছে, অধিকাংশক্ষেত্রে নীতিমালা লঙ্ঘন করে এসব দোকান গড়ে উঠেছে কোথাও ওষুধের দোকান, খাবারের দোকান ও মুদিদোকানের সঙ্গে কীটনাশকের দোকান গড়ে উঠায় সাধারণ মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। আবার অধিকাংশ ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও ভারতীয় নিম্নমাণের কীটনাশক বিক্রি করা হচ্ছে। ফলে এসব কীটনাশক কিনে ফসলের জমিতে প্রয়োগ করে আর্থিক, মানসিক ও শারীরিকভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় সচেতন মহলের দাবি নিয়মিত কীটনাশকের দোকানগুলো ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হলে এসব অনিয়ম কিছুটা হলেও দূর হবে। আবার এসব ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় কৃষকদের অপ্রয়োজনীয় কীটনাশক ধরিয়ে দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ওষুধ ব্যবসায়ী জানান তার দোকানের সঙ্গে কীটনাশকের দোকান গড়ে উঠায় তিনি চরম বিপাকে পড়েছেন। কীটনাশকের তীব্র ঝাঁঝালো গন্ধের প্রভাব তার দোকানের ওষুধের ওপর পড়ছে। তিনি খ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব কীটনাশকের দোকানে অভিযান পরিচালনার দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাট-বাজার বহুজাতিক কোম্পানীর নিষিদ্ধ ও নিম্নমানের কীটনাশকে ছেয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আর এসব কীটনাশক ফসলে মাত্রাতারিক্ত ব্যবহার কৃষিতে ডেকে আনছে বিপর্যয়। কীটনাশক আসল নকল না নিম্নমাণের সেটা বোঝার ক্ষমতা নাই অধিকাংশ কৃষকের। কৃষকের সরলতার সুযোগ কাজে লাগিয়ে এসব ব্যবসায়ীরা নিম্নমাণের কীটনাশক কৃষকদের হাতে ধরিয়ে দিচ্ছে। সচেতন মহলের অভিযোগ, সংশ্লিষ্ট বিভাগের একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারির যোগসাজসে একশ্রেণীর মুনাফাখোর কীটনাশক ব্যবসায়ী এসব নিম্নমাণের কীটনাশক বিক্রি করে সাধারণ কৃষকের পকেট কাটছে। আর ব্যবসায়ীদের কাছে থেকে অবৈধ সুবিধা নিয়ে একশ্রেণির কর্মকর্তা-কর্মচারি সাধারণ কৃষকদের এসব কীটনাশক কিনতে পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করছে। তাদের পরামর্শে ও বিভিন্ন কোম্পানীর চটকদার বিজ্ঞাপনের ফাদে পড়ে কৃষকরা ফসলে মাত্রাতারিক্ত কীটনাশক ব্যবহার করছে। এতে একদিকে যেমন মাটির উর্বরা শক্তি হ্রাস পাচ্ছে, তেমনি অন্যদিকে পরিবেশের ক্ষতি ও কৃষকদের কষ্টার্জিত অর্থ পানিতে পড়ছে।
এব্যাপারে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, কারো বিরুদ্ধে সুনিদ্রিষ্ট অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে কীটনাশকের দোকানগুলোতে দ্রুত ভাম্যমান অভিযান পরিচালনা করা হবে।

Share





Related News

Comments are Closed