Main Menu

বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত

বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৯ জনকে গ্রেফতারের প্রতিবাদে ১২ অক্টোবর বৃহস্পতিবার সারাদেশে হরতাল দিয়েছে জামায়াত। এদিন সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহ্বান জানান, দলের নতুন ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।
মঙ্গলবার এক বিৃবতিতে মুজিবুর রহমান জানান, ১১ অক্টোবর বুধবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ এবং ১৩ অক্টোবর শুক্রবার গ্রেফতারকৃত নেতাদের মুক্তির জন্য সারা দেশব্যাপী দোয়া দিবস হিসেবে পালিত হবে।

বিবৃতিতে জানানো হয় হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।

সোমবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকার একটি বাসা থেকে জামায়াত নেতাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি-ডিবি)।

এরপর মঙ্গলবার কদমতলী থানার দুটি মামলায় তাদেরকে আদালতে হাজির করে ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া অন্য নেতারা হলেন- জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরের সাবেক আমির এবং বর্তমানে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আমির সাবেক এমপি মো. শাহজাহান, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি নজরুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদিক।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর কদমতলী থানা এলাকার ধোলাইপাড়ের একটি বাসা থেকে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আমির নূরুল ইসলাম বুলবুলসহ নয় নেতাকে আটক করা হয়। পরে তাদেরকে এই দুই মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়।

Share





Related News

Comments are Closed