Main Menu

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা বাতিল

বৈশাখী নিউজ ডেস্ক: প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শনিবার রাতে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সিনিয়র স্টাফ নার্স পদের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত বাতিল করা হল। পরবর্তীতে এই পরীক্ষার সময় ও তারিখ জানানো হবে।”

সিনিয়র স্টাফ নার্স নিয়োগে শুক্রবার ঢাকার ১২টি কেন্দ্রে ১৬ হাজার ৯০০ জন অংশ নেন। এই পরীক্ষা শুরুর আগে থেকেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে ফেইসবুকেও পোস্ট দেন অনেকে। বিভিন্ন মহল থেকে এই পরীক্ষা বাতিলের দাবি ওঠে।

এই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর শনিবার কমিশনের জরুরি সভা হয় বলে পিএসসির একজন কর্মকর্তা জানান। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “সভায় বেশিরভাগ সদস্যই পরীক্ষা বাতিলের পক্ষে মত দেন।”
-বিডিনিউজ

Share





Related News

Comments are Closed