লাল মিয়ার পরিবারের সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ ইছামতি গ্রামবাসী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে লাল মিয়া ও তার পুত্রদের সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে ওঠেছে একটি গ্রাম। একের পর এক সন্ত্রাসী কর্মকান্ডের মধ্য দিয়ে এই পরিবার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে বলে গ্রামবাসী অভিযোগ করেন।
মঙ্গলবার সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলার উসমানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইছামতি গ্রামবাসী এ অভিযোগ করেছেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকার মুরব্বি মুহিবুর রহমান দুদু মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ইছামতি গ্রামের মৃত ছিফত উল্লাহর পুত্র লাল মিয়া এবং লাল মিয়ার পুত্র মনজুর আহমদ, নুরুল আহমদ, রাজু আহমদ ও নজরুল আহমদের বিরুদ্ধে ওসমানীনগর থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, চুরি ও সরকারি ভূমিদখলসহ বিভিন্ন অভিযোগে ডজন খানেক মামলা রয়েছে। এদের রয়েছে অস্ত্রের বিশাল ভান্ডার। কোনো জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটলে এরা ভাড়ায় অস্ত্র সরবরাহ করে। গ্রামে অসংখ্য প্রবাসী থাকলেও লাল মিয়ার পরিবারের কারণে এরা দেশবিমুখ হয়ে পড়েছে। কেউ একান্ত প্রয়োজনে দেশে আসলে শহরে ভাড়াটিয়া বাসায় কিছুদিন থেকে চলে যান। এরা এলাকার মুরব্বিয়ান এবং সালিশ বৈঠক কিছুই পরোয়া করে না। লাল মিয়ার পুত্র মনজুর আহমদ, নজরুল ও নুরুল আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বলে অভিযোগ করা হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকায় অস্ত্রসহ ডাকাতির ঘটনায় সংবাদ প্রকাশ হয়েছে। লাল মিয়ার বিরুদ্ধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এলাকার মুক্তিকামী বেশ কিছু মানুষকে হত্যার অভিযোগ রয়েছে। রাজাকার হিসেবে তার পরিচিতি রয়েছে। তদন্ত করলে বিষয়টির সত্যতা পাওয়া যাবে।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, লাল মিয়া ও তার সন্তানেরা দীর্ঘদিন যাবত প্রায় এক একর সরকারি ভ‚মি দখল করে রেখেছে। এই ভ‚মিতে দিঘী ও পুকুর থাকায় পূর্বে এলাকার মানুষজন সবজি চাষাবাদের জন্য পুকুরের পানি ব্যবহার করতেন। কিন্তু তাদের দখলে চলে যাওয়ার পর এলাকার মানুষ সবজি চাষ থেকে বঞ্চিত রয়েছেন। অতি সম্প্রতি তারা এই ভ‚মির একটি অংশ মাটি ভরাট করে স্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করতে যাওয়ায় এলাকার মুরব্বিয়ান ও যুব সমাজ বিষয়টি নিয়ে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় গ্রামের মুহিবুর রহমান দুদুর বাড়িতে পরামর্শ সভার আয়োজন করেন। এই সভায় এলাকার মুরব্বিয়ান ও যুব সমাজ উপস্থিত হওয়ার পর হঠাৎ করেই লাল মিয়া, তার পুত্র মনজুর, নুরুল, নজরুল, রাজু, তাদের সহযোগী হৃদয়, সাজু গংরা অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে এই সভায় আক্রমণ করে। এতে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইস্তা মিয়া, এলাকার মুরব্বি রিবু মিয়া ও সেলিম খানসহ বেশ কয়েকজন আহত হন। সন্ত্রাসীরা মুরব্বিয়ানদের ঘরের ভিতরে অবরুদ্ধ করে হামলা চালায়। এতে এই বাড়ির মহিলা ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। একপর্যায়ে মোবাইল ফোনে ওসমানীনগর থানা পুলিশকে বিষয়টি জানালে থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে সবাইকে উদ্ধার করে। পরবর্তীতে পুলিশ লাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করলেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় এলাকার মুরব্বি মুহিবুর রহমান দুদু মিয়া বাদী হয়ে ওসমানীনগর থানায় এজাহার দাখিল করেছেন। এদিকে মুরব্বিয়ানদের উপর হামলার পর গত ২৫ সেপ্টেম্বর এলাকার সর্বস্তরের মানুষের উদ্যোগে ইছামতি গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দলমত নির্বিশেষে বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ অংশ নেন।
সংবাদ সম্মেলনে ইছামতি গ্রামবাসী শান্তিপূর্ণভাবে বসবাস করতে লাল মিয়া ও তার পুত্রদের দ্রত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ব্যাপারে গ্রামবাসী স্বরাষ্ট্রমন্ত্রী, ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি ফিরোজ খান, আমির খাঁন, মেহের উল্লাহ, নুনু মিয়া, আছাব মিয়া, মুহিবুর রহমান, খলুক মিয়া, আং গানি, মানিক মিয়া, মসিক মিয়া, আশিক মিয়া, সিরাজ মিয়া, বেলাল আহমদ, মজনু মিয়া, আব্দুল কাইয়ূম, আব্দুল মনাফ, আব্দুল মতিন, সুলতান খান, ফেরদৌস মিয়া, আশরাফ খান, ফখরুল ইসলাম, আব্দুল্লাহ মিছবাহ, সানাজ আহমদ, মুক্তার আহমদ বকুল, মতছির খান, সাইস্তা মিয়া মেম্বার, ছাদ উল্লাহ, ইসমাইল আলী, পঙ্কী মিয়া মেম্বার প্রমুখ।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed