রানা তাসলিম লিসবনের কাউন্সিলর পুনঃনির্বাচিত
মাঈনুল ইসলাম নাসিম : পর্তুগালের বর্তমান প্রধানমন্ত্রী ড. আন্তোনিও কস্তার বিশেষ আস্থাভাজন রাজনৈতিক সহকর্মী রানা তাসলিম উদ্দিন আবারো বাংলাদেশের সুনাম উজ্জল করেছেন রাজধানী লিসবনে। পহেলা অক্টোবর অনুষ্ঠিত বহুল আলোচিত সিটি কাউন্সিল নির্বাচনে ক্ষমতাসীন দল স্যোশালিস্ট পার্টির প্রতিনিধি হিসেবে লিসবন সান্তা মারিয়া মাইওরের কাউন্সিলর পুনঃনির্বাচিত হন তিনি। চার বছর আগে ২০১৩ সালে প্রথমবারের মতো সিটি কাউন্সিলর নির্বাচিত হয়ে আটলান্টিক তীরে ইতিহাস সৃষ্টি করেছিলেন ইউরোপের ৩০টি দেশের বাংলাদেশীদের শীর্ষ কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র ভাইস প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দিন।
১৯৯০ সাল থেকে লিসবনে বসবাস করছেন বাংলাদেশের গৌরব রানা তাসলিম। মূল ধারার রাজনীতি তথা মেইনস্ট্রিম পলিটিক্সে বহু বছর ধরে তাঁর ধ্যান জ্ঞান সাধনা। রবিবারের ঐতিহাসিক বিজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, “তৃতীয় বিশ্বের একটি গরীব দেশের বিত্তহীন একজন সাধারন মানুষ আমি। ইউরোপের রাজনীতি কিংবা কোন পজিশন আমার জন্য প্রয়োজনীয় নয়। কিন্ত ১৪৭ হাজার বর্গ কিলোমিটারের একটি ভূখণ্ড ও লাল সবুজের একটি পতাকাকে ইউরোপিয়ান রাজনীতিতে প্রকাশ করার মানসে আজকের এই প্রচেষ্টা। বিগত ২৭ বছরে যেখানেই গিয়েছি, যত মানুষের সাথে পরিচিত হয়েছি, আমি ব্যক্তি ছিলাম নগন্য। আমার ভাষা, আমার কৃষ্টি, আমার সংস্কৃতি, আমার পতাকাই ছিল আমার পরিচয়, তথা আমার দেশই ছিল আমার মাথার উপরে। আমি বহন করেছিলাম একটি জাতির পরিচয়। যতদিন বাঁচবো ততদিন যেন আপনাদের সাথে নিয়ে এই দায়িত্ব পালন করে যেতে পারি, স্রষ্টার কাছে তাই কামনা করি”।
পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির প্রাণপুরুষ রানা তাসলিম উদ্দিনের অকৃপন সহযোগিতায় গত দুই যুগে দেশটিতে যেমন বহু বাংলাদেশী বৈধতার সুযোগ পেয়েছেন, তেমনি অনেকেই কর্মক্ষেত্রে বা ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। লিসবনে পূর্ণাঙ্গ বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠা এবং বায়ান্ন’র ভাষা শহীদদের স্মরণে স্থায়ী শহীদ মিনার নির্মাণের নেপথ্যে তাঁর অবদান সর্বাগ্রে। সর্বোপরি খেটে খাওয়া প্রবাসীদের কল্যাণে এবং কমিউনিটি ডেভেলপমেন্টে বরাবরই পাইওনিয়ারের ভূমিকা পালন করেছেন সদালাপী ও নিরহংকারী রানা তাসলিম উদ্দিন।
অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র প্রতিষ্ঠাকালীন সময়ে ২০১২ সালে গ্রীসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত আয়েবা ১ম গ্র্যান্ড কনভেনশনে পর্তুগালকে নেতৃত্ব দেন তিনি। ভাইস প্রেসিডেন্ট রানা তাসলিমের তদারকিতেই ২০১৫ সালে লিসবনে আয়োজন করা হয় আয়েবা ২য় গ্র্যান্ড কনভেনশন। ২০১৬ সালে আয়েবার ব্যবস্থাপনায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘প্রবাসী বিশ্বসম্মেলন’ ১ম বাংলাদেশ গ্লোবাল সামিটে রানা তাসলিমের লিডারশিপ বিশ্বের বিভিন্ন দেশের ডেলিগেট কর্তৃক প্রশংসিত হয়। নেতৃত্বের গুণাবলী বিবেচনায় আগামীতে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র আরো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাবে তাঁকে, এমন প্রত্যাশা ইউরোপের বিভিন্ন দেশে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed