Main Menu

শিক্ষার মানোন্নয়নে কাজ করছে গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের পৃষ্টপোষকতা করে যাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসীরা। তাদের শ্রমে ঘামে উপার্জিত টাকায় প্রতিবছর ছাত্রছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে কর্তৃক প্রায় দুই কোটি টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার মানোন্নয়নে এবারও উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ১২ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে বুধবারীবাজার ইউনিয়নের বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ৩ লাখ, লক্ষিপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি জামেয়া মাদ্রাসা ৩ লাখ, বুধবারী বাজার ইউনিয়নের আল এমদাদ ডিগ্রি কলেজ ৩ লাখ টাকা। এছাড়াও বানিগ্রাম বহরগ্রাম উচ্চবিদ্যালয় ১ লাখ, ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নের মোফাজ্জিল আলী উচ্চ বিদ্যালয় এক লাখ টাকা অনুদান প্রদান করা হবে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান- সংগঠনের সভাপতি ফজলুল হক ফজলু ও সাধারণ সম্পাদক মাখন মিয়া। তারা জানান, ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গোলাপগঞ্জের চন্দরপুর আল এমদাদ ডিগ্রী কলেজে, বেলা ১টায় উপজেলার বুধবারী বাজার বাঘিরঘাট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে অনুদানের টাকা হস্তান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়- ইতোমধ্যে শিক্ষার উন্নয়নেও প্রবাসীদের হাতে গড়া সংগঠন ‘গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যক্রম সর্ব মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। আর্থিক সহায়তার কারণে প্রতিষ্ঠানগুলো তাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হচ্ছে।
বক্তারা বলেন, ২০১৫ সাল পর্যন্ত বৃত্তি প্রদান কার্যক্রম অব্যাহত ছিলো। ২০১৬ সাল থেকে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সমস্যা চিহ্নিত করে আর্থিক সহায়তা প্রদান করছি। গত বছর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে মোট ১২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এরই মধ্যে প্রতিষ্ঠানের কার্যক্রম উপজেলার গন্ডি ছাড়িয়ে বিভাগজুড়ে ব্যাপক জাগরণ সৃষ্টি করেছে। অন্যান্য এলাকাতেও গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র কার্যক্রমকে অনুপ্রাণিত হচ্ছেন এবং প্রেরণা উৎস মনে করছেন এলাকার লোকজন। আগামীতেও সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্টরা।

 

Share





Related News

Comments are Closed