Main Menu

বিয়ানীবাজারে দুই বোন ধর্ষণ: ৫ জনের যাবজ্জীবন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে দুই বোনকে ধর্ষণের মামলায় ৫জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১লাখ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। রোববার বেলা আড়াইটায় সিলেটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত এবং বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক আসামীকে বেকসুর খালাসও দেয়া হয়েছে। আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফখরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলো কানাইঘাট উপজেলার বড়দেশ গ্রামের মৃত মকবুল আলী মকুল এর ছেলে সৈয়দুর রহমান সাইফুল (৩৮), মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কটিয়া গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে সেলিম আহমদ (২৮), বিয়ানীবাজার উপজেলার জালালপুর গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে জয়নুল ইসলাম (৪০) ও তার বড় ভাই নজরুল ইসলাম (৪৫) ও কালাম আহমদ (৪২)।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৫ মে ভোররাতে উপজেলার চারখাই ইউনিয়নের হাজরাপাড়া ধর্ষণের শিকার হন দুই বোন। ধর্ষিতা দুই বোন ওই বছর এসএসসি পরীক্ষা দিয়ে উর্ত্তীণ হয়েছিলেন। এ ঘটনার পর তাদের বাবা ওয়াহিদ আলী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন।
একই বছরের ১২ অক্টোবর আদালতে অভিযোগ পত্র দাখিলের পর বিচারকার্য শুরু হয়। ১২ সাক্ষির সাক্ষ্য গ্রহণের পর রবিবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হয়।
ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদী পক্ষ। একই সাথে ওই দুই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তার করে তাদের চাকুরীর ব্যবস্থা করে দিতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তাদের পিতা ওয়াহিদ আলী।
অন্যদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসামীপক্ষ। আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আয়শা বেগম বলেন, আমরা রায়ে অসন্তুষ্ট। ডিএনএ টেস্ট ছাড়াই এই মামলার বিচারকার্য শেষ হয়েছে, এ কারণে আমাদের আসামীরা জড়িত কি না তা যাচাই হয়নি। এজন্য আমরা উচ্চ আদালতে যাবো।

Share





Related News

Comments are Closed