Main Menu

ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুর সদর উপজেলার চন্দ্রা রেল ক্রসিং-এ ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, বুধবার সন্ধ্যায় জামালপুর থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি লোকাল ট্রেন শহরের চন্দ্রা রেল ক্রসিং-এ একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি রেললাইনের ওপর উঠে পড়েছিল। এসময় জামালপুর সদর থানার পরিচ্ছন্নতাকর্মী কম্পপুর এলাকার মৃত রেহান মণ্ডলের ছেলে সানোয়ার (৪০) ঘটনাস্থলেই মারা যান। আহতদেরকে উদ্ধার করে জামালপুর জেনারেল জাসপাতালে নেওয়ার পর জামালপুর সদর উপজেলার চন্দ্রা এলাকার মৃত শাহা আলমের ছেলে মীর হোসেন (৩৫), একই এলাকার ইজিবাইক চালক আব্দুর বারেকের ছেলে আব্দুর রহীম (৪০), বাঁশচড়া এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে ইন্তাজ আলীর (৫০), কম্পপুর এলাকার মৃত তুফানুরের ছেলে ফরিদুল হক (৩৮), একই এলাকার নওশের আলীর ছেলে হোসন আলী (৫০) মারা যান।

দুর্ঘটনায় আহতরা হলেন, মৃত হাতেম আলীর ছেলে গুল বক্স (৩৫) ও শাহ্বাজপুর এলাকার আব্দুল আজিজের স্ত্রী সালেহা বেগম(৫০)। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা এবং আহতদের পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’

জামালপুর রেল থানার ওসি মো. নাছিমূল ইসলাম মজুমদার বলেন, ‘ওই লেভেল ক্রসিংয়ে কোনও গেইটম্যান না থাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।’

এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

 

 

Share





Related News

Comments are Closed